সংবিধান থেকে ‘ধর্মীয় বৈষম্যমূলক’ নীতি বাতিলের দাবি
সংবিধান থেকে ‘ধর্মীয় বৈষম্যমূলক’ নীতি বাতিলের দাবিতে অনশন কর্মসূচির ঘোষণা দিয়েছে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের প্রতিনিধিত্বকারী দুটি সংগঠন। হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ আদিবাসী ফোরাম আগামী ২ জুলাই রাজধানীসহ সারা দেশে শহীদ মিনারের পাদদেশে সকাল-সন্ধ্যা অনশন পালন করবে।গতকাল বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে আয়োজক সংগঠন দুটির নেতারা এ কর্মসূচির ঘোষণা দেন।সংবাদ সম্মেলনে নেতারা বলেন, হাইকোর্ট সংবিধানের পঞ্চম ও সপ্তম সংশোধনী বাতিল করার পরও বর্তমান সরকার সংবিধানে ধর্মীয় বৈষম্যমূলক নীতি বহাল রাখছে। জাতীয় সংসদে এটি গৃহীত হলে দেশের ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায় তা প্রত্যাখ্যান করে আন্দোলন শুরু করবে। আন্দোলনের অংশ হিসেবে সংসদে এ-সংক্রান্ত উদ্যোগ গৃহীত হওয়ার পরদিন বিকেলে সারা দেশে কালো পতাকা মিছিল করা হবে। এরপর পর্যায়ক্রমে হরতাল ও আমরণ অনশন করা হবে। দাবি না মানা হলে সংখ্যালঘুরা ২০১৪ সালের জাতীয় নির্বাচন বর্জন করবেন বলেও সতর্ক করে দেন তাঁরা।সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সি আর দত্ত, সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত, আদিবাসী ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং প্রমুখ।