জাতীয় সংগীত, জাতীয় পতাকা ও জাতীয় প্রতীকের ব্যবহার আইন অনুযায়ী হবে। কিন্তু সংবিধান প্রণয়নের ৪২ বছর পরও সেই আইন হয়নি। তাই জাতীয় সংগীত যে যার মতো গাইছে, পতাকা যে যার মতো ব্যবহার করছে।
সংবিধান নির্দেশিত এমন ৪৯টি আইন প্রণয়নের উদ্যোগ নেওয়ার জন্য আইন কমিশনকে তাগিদ দিয়েছে আইন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটি। কমিটি মনে করে, এসব আইন ছাড়া সংবিধান পুরোপুরি বাস্তবায়ন করা সম্ভব নয়। সে জন্যই আইন কমিশনকে এসব আইনের খসড়া তৈরি করে তা আইন মন্ত্রণালয়ে পাঠানোর সুপারিশ করা হয়েছে।
গতকাল বৃহস্পতিবার সংসদ ভবনে অনুষ্ঠিত আইন মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এই সুপারিশ করা হয়। এসব আইন না হওয়ায় কমিটির সদস্যরা হতাশা প্রকাশ করে বলেছেন, এর আগে ২০১০ সালের সেপ্টেম্বরেও কমিটি একই সুপারিশ করেছিল। কিন্তু কমিশন যথাযথ ব্যবস্থা গ্রহণ করেনি।
বৈঠক শেষে কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে সাংবাদিকদের বলেন, সংবিধানসংশ্লিষ্ট আইনগুলো তৈরি হলে সংবিধানের শূন্যতা দূর হবে।
বৈঠকের কার্যপত্র থেকে জানা গেছে, সংবিধানসংশ্লিষ্ট ৪৯টি আইনের মধ্যে উল্লেখযোগ্য হলো: উচ্চ আদালতের বিচারপতি নিয়োগ, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ, মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের কর্মকাণ্ডকে দায়মুক্তি দিয়ে আইন, সংসদ ও সংসদীয় কমিটির বিশেষ অধিকার আইন, প্রজাতন্ত্রের কর্মচারীদের নিয়োগ ও কর্মের শর্তাবলি নিয়ন্ত্রণসংক্রান্ত আইন, নাগরিকত্ব আইন, রাজধানীর সীমানা নির্ধারণ আইন ইত্যাদি।
২০১১ সালে সংসদীয় কমিটির দায়দায়িত্ব নির্ধারণ করে খসড়া আইন হলেও শেষ পর্যন্ত মন্ত্রিপরিষদ বিভাগ তা অনুমোদন করেনি।
বিচারপতিদের অভিশংসনসংক্রান্ত সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের উদ্যোগ সম্পর্কে বিএনপির বিবৃতির বিষয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিএনপির বক্তব্য রাজনৈতিক। সাংবিধানিক নয়। রাষ্ট্রের নির্বাহী বিভাগ সংসদে জবাবদিহি করে। বিচার বিভাগ জবাবদিহি করলে সমস্যা কোথায়। আদালতের রায়ে অবৈধ ঘোষিত পঞ্চম সংশোধনীর মাধ্যমে ৯৬ অনুচ্ছেদ সংশোধন করে বিচার বিভাগের জন্য সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের বিধান করেছিল বিএনপি। সে জন্যই বিএনপি বিধানটি রাখার পক্ষে কথা বলছে।
সুরঞ্জিত আরও বলেন, এই অনুচ্ছেদটি সংশোধনের কাজ পঞ্চদশ সংশোধনীতেই করা উচিত ছিল। বিলম্ব হলেও এখন হচ্ছে। সংবিধান সংশোধনের পর এ-সংক্রান্ত আইনটি দ্রুত প্রণয়ন করতে হবে।
সুরঞ্জিত সেনগুপ্তের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, তাজুল ইসলাম চৌধুরী, জিয়াউল হক মৃধা, শামসুল হক প্রমুখ অংশ নেন।