সংবিধান নিয়ে কূটতর্ক করবেন না: সুরঞ্জিত

সংবিধান নিয়ে কূটতর্ক না করতে বিরোধী দল ও বুদ্ধিজীবীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। আজ শুক্রবার সকালে রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এ আহ্বান জানান। সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘আমরা যতই দেশপ্রেম নিয়ে এগিয়ে আসছি, তখন সংবিধানের দোহাই দিয়ে একদল বুদ্ধিজীবী অযথা কূটতর্ক সৃষ্টি করছেন, যা গণতন্ত্রের জন্য শুভকর নয়।’
বিরোধী দলের উদ্দেশে সুরঞ্জিত বলেন, ‘প্রধানমন্ত্রীর সর্বদলীয় সরকারের আহ্বানকে বাঁকা চোখে না দেখে, সর্বদলীয় সরকারে যোগ দিন। কারণ সময় যত এগিয়ে আসছে, আমাদের জাতীয় সংকট তত ঘনীভূত হচ্ছে। আলোচনা ও সংলাপের পথ রুদ্ধ হচ্ছে। তাই জাতীয় সংকট নিরসনে আলোচনা বা সংলাপের কোনো বিকল্প নেই।’
দপ্তরবিহীন মন্ত্রী সুরঞ্জিত বলেন, ‘মন্ত্রীরা তাঁদের অভিপ্রায়ের অভিমত ব্যক্ত করেছেন মাত্র। সেই অভিব্যক্তি হিসেবে প্রধানমন্ত্রীর কাছে পদত্যাগপত্র দেওয়া হয়েছে। এতে প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে মন্ত্রীরা তাঁদের দেশপ্রেমের পরিচয় দিয়েছেন। অথচ একদল বুদ্ধিজীবী এটাকে ইতিবাচক হিসেবে না নিয়ে কূটতর্কের সৃষ্টি করছেন।’ তিনি বলেন, ‘সংবিধানে ৫৬ অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রী ও মন্ত্রীদের নিয়োগ দেন রাষ্ট্রপতি। যিনি নিয়োগ দেন, তিনিই গ্রহণ না করা পর্যন্ত কীভাবে পদত্যাগ হয়?’
বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, ‘র্যাডিক্যাল টেরোরিজম (উগ্র সন্ত্রাসবাদ) বন্ধ করুন। জনগণ ভীত-সন্ত্রস্ত হয়ে পড়ছে। কে সরকারি দলে আসবে, কে বিরোধী দলে আসবে, সেটা নির্ধারণ করবে জনগণ। নৈরাজ্য কখনো সংকটের সমাধান হতে পারে না।’
নৌকা সমর্থক গোষ্ঠী আয়োজিত আলোচনা সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা চিত্তরঞ্জন দাস, নৌকা সমর্থক গোষ্ঠীর সভাপতি হুমায়ুন কবির মিজি প্রমুখ।