সংবিধান পরিবর্তন করতে চাইলে নির্বাচনে আসুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু হেফাজতে ইসলামের উদ্দেশে বলেছেন, সংবিধান পরিবর্তন করতে চাইলে নির্বাচনে আসুন, যদি সংসদে সংখ্যাগরিষ্ঠতা পান, দুই-তৃতীয়াংশ আসন পান, তাহলে সংবিধান বদল করবেন।গতকাল বৃহস্পতিবার তথ্য মন্ত্রণালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে তিনি এ কথা বলেন। একই সঙ্গে তিনি ৫ মে হেফাজতে ইসলামের অবরোধ কর্মসূচি প্রত্যাহারের আহ্বান জানান। তথ্যমন্ত্রী বলেন, ‘হেফাজতে ইসলামের নেতারা কয়েকটি দাবির কথা বলেছেন, তাঁরা সংবিধান বদলের দাবি তুলছেন। আমি বলব সামরিক বাহিনী কেবল সকাল-বিকেল সংবিধান বদল করতে পারে। মিছিল, মিটিং, অবরোধ ও লং-মার্চ করে সংবিধান বদল হয় না। সংবিধানের ধারা বদল করতে চাইলে মিছিল, মিটিং, হরতাল, অবরোধ বন্ধ করুন। আট মাস পরে নির্বাচন, আপনারা আপনাদের দাবি জনগণের কাছে তুলে ধরুন। সংসদে যদি সংখ্যাগরিষ্ঠতা পান, দুই-তৃতীয়াংশ পান, তাহলে সংবিধান সংশোধনের এখতিয়ার রাখবেন। সুতরাং হুড়হাঙ্গামা করবেন না। এটা সংবিধান পরিবর্তনের পদ্ধতি না, এটা সামরিক স্বেচ্ছাচারী পদ্ধতি। আট মাসের জন্য অর্থনীতি ধ্বংস করার দরকার নেই বরং নির্বাচনের বিষয়ে সরকারকে সহযোগিতা করুন। অবরোধের রাস্তা পরিহার করুন, ভোটের রাস্তায় আসুন।’ মন্ত্রী অভিযোগ করেন, ইসলাম বিপদে আছে—এই ধুয়া তুলে হেফাজতে ইসলাম আন্দোলন করছে। কিন্তু বাংলাদেশে ইসলাম বিপদে নেই। স্বাধীনতার পর কখনো বিপদে ছিল না। স্বাধীনতার পর থেকে ইসলামসহ কোনো ধর্মই আক্রান্ত হয়নি। সুতরাং ইসলাম বিপদে আছে বলে যে ধুয়া তোলা হয়েছে এটা সম্পূর্ণ মিথ্যাচার।’হাসানুল হক অভিযোগ করেন, ইসলাম নিয়ে হেফাজতে ইসলাম মাথা ঘামাচ্ছে না, তারা আসলে রাজনীতি করছে। হেফাজতে ইসলাম কোনো ইমানি ও ইসলাম রক্ষার আন্দোলন করছে না, তারা মওদুদী ও জামায়াতি মঞ্চকে হেফাজত করার কাজে লিপ্ত আছে।মন্ত্রী বলেন, ‘আমি শান্তিপ্রিয় জনগণকে আহ্বান জানাব মিথ্যাচারের বিরুদ্ধে সোচ্চার হবেন এবং মিথ্যাচারের কর্মসূচি বর্জন করবেন।’হেফাজতে আফগান প্রশিক্ষিত জঙ্গি যুক্ত: এদিকে পৃথক আরেকটি অনুষ্ঠানে তথ্যমন্ত্রী অভিযোগ করে বলেছেন, ‘বাংলাদেশ থেকে জামায়াতের ১০ হাজার ক্যাডার আফগানিস্তানে লাদেনের অধীনে জঙ্গি প্রশিক্ষণ নিয়ে এসেছে। এসব প্রশিক্ষিত জঙ্গির একটি অংশ হেফাজতে ইসলামের সঙ্গে যুক্ত। তাই ধর্মের নামে হেফাজত যে রাজনীতি করছে, সেটিকে রাজনৈতিকভাবে মোকাবিলা করতে হবে।’ গতকাল বিকেলে জাতীয় প্রেসক্লাবে পেশাজীবী সমন্বয় পরিষদ আয়োজিত ‘বাংলাদেশে মৌলবাদের রাজনৈতিক অর্থনীতি’ শীর্ষক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জনতা ব্যাংকের চেয়ারম্যান আবুল বারকাত।পরিষদের সভাপতি বিচারপতি আ খ ম মেজবাহউদ্দিনের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) উপাচার্য নজরুল ইসলাম প্রমুখ।