সংবিধান পুনর্মুদ্রণে বিলম্ব হওয়ায় উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছে সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটি। গতকাল সোমবার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে এই উদ্বেগ প্রকাশ করা হয়।কমিটির সভা শেষে সংবাদ ব্রিফিংয়ে সুরঞ্জিত সেনগুপ্ত জানান, মন্ত্রিপরিষদ বিভাগের বৈঠকের কারণে আইনমন্ত্রী শফিক আহমেদ বৈঠকে উপস্থিত থাকতে পারেননি। যে কারণে সংবিধান পুনর্মুদ্রণে কতদূর অগ্রগতি হয়েছে, সে সম্পর্কে কিছু জানা যায়নি। কমিটির বৈঠক কাল বুধবার বেলা আড়াইটা পর্যন্ত মুলতবি করা হয়েছে।সংবিধান সংশোধন কমিটির সর্বশেষ বৈঠক হয় গত বছরের ১২ অক্টোবর। সেদিন বিশেষজ্ঞদের পরামর্শ নিয়ে আইন মন্ত্রণালয়কে সংবিধান পুনর্মুদ্রণের দায়িত্ব দেওয়া হয়। এর মধ্যে সাড়ে তিন মাস পার হয়ে গেলেও এখন পর্যন্ত সংবিধান পুনর্মুদ্রণের কাজ শেষ হয়নি। সংবিধান সংশোধন কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে কমিটির ১১ জন সদস্য উপস্থিত ছিলেন।