কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেছেন, বিরোধী দল গণতন্ত্র চাইলে এবং সংবিধান মেনে চললে সংঘাত এড়ানো সম্ভব।
আজ শনিবার বিকালে বিয়াম মিলনায়তনে বিবিসি বাংলাদেশ সংলাপে প্যানেল সদস্য হিসেবে তিনি এ কথা বলেন।
তবে সংলাপের আরেক প্যানেল সদস্য বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান বলেন, সরকার যদি শান্তি চায়, তা হলেই বর্তমানের সংঘাতময় পরিস্থিতি এড়ানো সম্ভব।
প্রধান রাজনৈতিক দলের দুই নেত্রী সংকট নিরসনে একে অপরের প্রস্তাব মেনে না নেওয়ার ফলে দেশে সংঘাত অনিবার্য কি না, সংলাপে এ প্রশ্নের উত্তরে এ দুই প্রতিনিধি এ কথা বলেন।
সংলাপে রাজনৈতিক দলের দুই প্রতিনিধিই জানালেন, তাঁদের দল সংঘাত চায় না, সমঝোতা চায়। তবে এ ধরনের বক্তব্যের পর সংলাপে অংশ নেওয়া একজন দর্শক বলেন, দুই নেত্রীই সমঝোতা চান। দুজনই নিজস্ব ফর্মুলা দিয়ে যাচ্ছেন। সেই ফর্মুলা অনুসরণও করছেন। তা হলে সমঝোতাটা হবে কীভাবে? জনগণের কথা চিন্তা করে কোনো দল একটু বেশি ছাড় দেবে কি না, দর্শকদের এ প্রশ্নের উত্তরেও দুই প্রতিনিধি সুস্পষ্ট কোনো উত্তর দেননি।
বিবিসি সংলাপের এবারের আয়োজন পুরোটাই ছিলও নারীদের নিয়ে। ফলে প্যানেল সদস্য, দর্শক এমনকি সংলাপের উপস্থাপিকাও ছিলেন নারী। অক্টোবর মাসজুড়ে বিবিসি সারা বিশ্বের বিভিন্ন পেশা-শ্রেণীর ১০০ জন নারীকে নিয়ে ‘এক শ নারী’ শীর্ষক যে বিশেষ অনুষ্ঠানমালা প্রচার করছে, তারই অংশ হিসেবে আজকের সংলাপ অনুষ্ঠানের আয়োজন করা হয়। প্যানেল সদস্য হিসেবে অন্যদের মধ্যে বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী ফাতেমা আনোয়ার এবং সংস্কৃতিকর্মী রোকেয়া প্রাচী আলোচনায় অংশ নেন।
সেলিমা রহমান বলেন, এটা সত্য যে, সমঝোতা না হলে সংঘাতের অবস্থা দৃশ্যমান হবে। তবে সমঝোতা হবে না, তা-ও বলা যাবে না। কেননা রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই।
বিএনপি সমঝোতা চায় বলেই এত দিন বিভিন্ন দমন-পীড়নের পরও জনগণকে কষ্ট বা পীড়া দেয়, সে ধরনের কোনো আন্দোলনের দিকে যায়নি দলটি। তবে বর্তমানে দেয়ালে পিঠ ঠেকে গেছে।
মতিয়া চৌধুরীও পাল্টা বলেন, হবিগঞ্জের উপনির্বাচন, সিটি করপোরেশন নির্বাচনসহ বিভিন্ন নির্বাচনে বিএনপির প্রার্থী বিজয়ী হয়েছে। এতেই প্রমাণিত হয় বর্তমান সরকারের আমলে সুষ্ঠু এবং নিরপেক্ষে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। তবে সেলিমা রহমান আবারও জানালেন, দলটির একটিই চাওয়া, তা হলো নির্দলীয় নিরপেক্ষ সরকার। সেলিমা রহমান বর্তমান নির্বাচন কমিশন ‘অর্ডার মানতে বাধ্য’ বলেও মন্তব্য করেন।
কর্মজীবী একজন পুরুষের মতো একজন কর্মজীবী নারীরও ‘ক্যারিয়ার’-এর দিকে বেশি মনোযোগ দেওয়া উচিত কি না, এ প্রশ্নের উত্তরে প্যানেল সদস্য ফাতেমা আনোয়ার বলেন, ‘কিছুদিন পর আমার ছেলের বেল (জামিন) আমাকে করতে হবে, সে ধরনের আইনজীবী হতে চাই না। তাই নারীকেই ঠিক করতে হবে কোন দায়িত্ব কতটুকু পালন করবেন।’
কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী বলেন, কর্মজীবী বা ক্যারিয়ারের দিকে মনোযোগী মা হলেই সন্তানদের মানুষ করা যাবে না, কথাটা ঠিক না। এক্ষেত্রে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং শেখ রেহানার সন্তানদের সুপ্রতিষ্ঠিত হওয়ার উদাহরণ দেন।
তবে সেলিমা রহমান বলেন, প্রধানমন্ত্রী বা শেখ রেহানার বিষয়টি আলাদা। মতিয়া চৌধুরী সমাজের উঁচু স্থানের উদাহরণ দিলেন। এখানে সাধারণ নারীদের বিষয়টি বিবেচনায় নিয়ে আলোচনা করতে হবে।
প্রতিটি ক্ষেত্রে নারী-পুরুষের অবাধ মেলামেশাই নারীর নিরাপত্তাহীনতার প্রধান কারণ কি না, এ প্রশ্নের উত্তরে রোকেয়া প্রাচী বলেন, ‘অবাধ মেলামেশা’ শব্দটি একটি রাজনৈতিক শব্দ। নারীর নিরাপত্তাহীনতার পেছনে দৃষ্টিভঙ্গিই মূল বলে উল্লেখ করেন তিনি।