সংবিধান মেনে আইন সংশোধন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আইনমন্ত্রী শফিক আহমেদ বলেছেন, সরকারের সঙ্গে স্থানীয় সরকারের কোনো দ্বন্দ্ব নেই। একে শক্তিশালী করতে সংবিধান মেনে প্রয়োজনে আইন সংশোধন করা হবে।গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরাম আয়োজিত ‘সরকারি উন্নয়ন কার্যক্রম ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ’ শীর্ষক সেমিনারে তিনি এসব কথা বলেন।শফিক আহমেদ বলেন, মন্ত্রী-সাংসদ, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তাদের কার্যক্ষমতা যেন সাংঘর্ষিক না হয়, তা খতিয়ে দেখা হচ্ছে। তিনি বলেন, স্থানীয় সরকারব্যবস্থার উন্নয়নে স্থানীয় প্রতিষ্ঠানগুলোকে শক্তিশালী করতে হবে। এ জন্য বিকেন্দ্রীকরণ প্রয়োজন। গণতন্ত্র ও উন্নয়নের জন্য সরকার যেকোনো পদক্ষেপ বাস্তবায়নে আন্তরিক।বিশেষ অতিথির বক্তব্যে জাসদের সভাপতি হাসানুল হক ইনু বলেন, স্থানীয় উন্নয়ন ত্বরান্বিত করতে হলে শাসন প্রক্রিয়ায় দ্বৈত কর্তৃত্বের অবসান ঘটাতে হবে। তিনি স্থানীয় সরকারকে শক্তিশালী করতে স্থানীয় সরকার অর্থায়ন কমিশন গঠনের প্রস্তাব দেন এবং উপজেলা পরিষদ আইনের অসামঞ্জস্যগুলো সংশোধনের আহ্বান জানান।মূল প্রবন্ধ উপস্থাপন করেন গভর্নেন্স অ্যাডভোকেসি ফোরামের সমন্বয়কারী মহসিন আলী। সেমিনারে সভাপতিত্ব করেন পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ। সেমিনারে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম, জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য জিয়াউদ্দিন আহমেদ, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ঐক্য পরিষদের সভাপতি আবদুল মজিদ প্রমুখ বক্তব্য দেন।