সংবিধান মেনে চললে সব চ্যালেঞ্জ মোকাবিলা সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান ও আইন মেনে সঠিক পথে চললে সব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব বলে মন্তব্য করেছেন দেশের প্রথম নারী নির্বাচন কমিশনার কবিতা খানম। গতকাল বৃহস্পতিবার দুপুরে জেলা নির্বাচন কার্যালয় ও সার্ভার স্টেশন পরিদর্শনে এসে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।
কবিতা খানম বলেন, নির্বাচন কমিশনের পুরো সময়টাই চ্যালেঞ্জিং। তবে নির্বাচন কমিশন সঠিক পথে থেকে সব কিছুই মোকাবিলা করবে। সংবিধান ও আইন মেনে সঠিক পথে চললে সব চ্যালেঞ্জ মোকাবিলা করা সম্ভব।
এর আগে কবিতা খানম নওগাঁ জেলা সার্ভার স্টেশন ঘুরে দেখেন। এ সময় রাজশাহী অঞ্চল নির্বাচন কর্মকর্তা সুভাষ চন্দ্র সরকার, জেলা নির্বাচন কর্মকর্তা শাহিনুর ইসলাম, সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা মোতালেব হোসেনসহ জেলার অন্য নির্বাচন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরে জেলা সার্ভার স্টেশনের মূল গেটের পাশে দুটি আমগাছের চারা রোপণ করেন নির্বাচন কমিশনার কবিতা খানম।
এরপর কবিতা খানম সব নির্বাচন কর্মকর্তার সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় করেন। মতবিনিময় সভায় তিনি সবাইকে শতভাগ স্বচ্ছ থেকে কাজ করার নির্দেশ প্রদান করেন।