
সংবিধান অনুযায়ী আগামী নির্বাচন এবং ক্ষমতা হস্তান্তর করা হবে বলে আবার বললেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ শুক্রবার গণভবনে শেখ হাসিনা এ কথা বলেন। জাতীয় পার্টির (জেপি) সভাপতি আনোয়ার হোসেন মঞ্জু সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাত্ করতে যান। এ সময় প্রধানমন্ত্রী এ কথা বলেন।
শেখ হাসিনা বলেন, ‘চিরস্থায়ী একটা স্থিতিশীলতা ও আগামী দিনে নাগরিকদের জন্য একটা শুভ ব্যবস্থা করে যেতে চাই। আগামী নির্বাচন হবে সর্বদলীয় সরকারের অধীনে, যাতে সংসদের প্রতিনিধিত্ব আছে, এমন দলের অংশগ্রহণে নির্বাচন নিয়ে কারও মনে সন্দেহ না থাকে।’ এ বিষয়ে তিনি জেপির মতামত জানতে চান।
২৭ (অক্টোবর) তারিখের পর এই সরকার অবৈধ—খালেদা জিয়ার এই বক্তব্যের সমালোচনা করে প্রধানমন্ত্রী বলেন, সংবিধান অনুযায়ী সংসদ ভেঙে যাওয়ার আগ পর্যন্ত সাংসদেরা বহাল থাকবেন। পরবর্তী উত্তরাধিকারী ঠিক না হওয়া পর্যন্ত সরকারপ্রধানও স্বপদে বহাল থাকবেন।