বাংলাদেশের সংবিধানে অনেক ভালো ভালো কথা আছে। কিন্তু এগুলোর বাস্তবায়ন হয় না। চাইলে আরও ভালো ভালো কথা সংবিধানে অন্তর্ভুক্ত করা যাবে। কিন্তু যত ভালোই হোক সংবিধানকে যদি সর্বক্ষেত্রে কার্যকর করা না যায়, তাহলে কোনো লাভ নেই। ‘জনগণ ও সংবিধান: সাংবিধানিক প্রতিষ্ঠানসমূহের ভূমিকা’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এসব কথা বলেছেন। তরুণদের সংগঠন জাগরী গতকাল সোমবার এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। প্রথম আলো কার্যালয়ে এই গোলটেবিল আলোচনা হয়। বৈঠকে প্রধান অতিথি ছিলেন সংবিধান প্রণয়ন কমিটির সদস্য প্রবীণ আইনজীবী ড. কামাল হোসেন। আরও বক্তব্য দেন সুপ্রিম কোর্টের আইনজীবী রোকনউদ্দিন মাহমুদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল এবং প্রথম আলোর সহযোগী সম্পাদক মিজানুর রহমান খান। প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম বৈঠকটি সঞ্চালনা করেন। অনুষ্ঠানে তরুণ প্রজন্মের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন— ডালিয়া দাস, ওমর সায়েম ইসমাইল, তানভীর আহমেদ সিদ্দিকি, মাসরুরা মরিয়ম, আল মামুন, লিপিকা বিশ্বাস, সৈয়দ মাহবুবুল আলম, সৈয়দা অনন্যা রহমান, আজিজুন্নেছা শাহজাদী, রামকৃষ্ণ মণ্ডল, মোহাম্মদ মামুন, তাহমিনা খানম, মৃদুল চৌধুরী, তৌফিকুর রহমান খান, রুশদ ফরিদী, ইমরান চৌধুরী, সাকিব মাহবুব প্রমুখ। কামাল হোসেন বলেন, সংবিধান সম্পর্কে মানুষকে কেবল জানলেই চলবে না, সংবিধানকে কাজে লাগাতে হবে। তিনি বলেন, চাইলেই সংবিধানে অনেক ভালো ভালো কথা অন্তর্ভুক্ত করা যায়। কিন্তু এগুলোর বাস্তবায়ন হবে কি না, তা নিয়ে সন্দেহ আছে। তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা জনগণের স্বার্থ ভুলে নিজের স্বার্থ নিয়ে ভাবছেন। তাই দুই দশক ধরে সংসদ কার্যকর হচ্ছে না।প্রবীণ এই আইনজীবী বলেন, ‘সংবিধান বাস্তবায়ন করবে সংসদ। ১৯৭২ সালে আমরা যখন সংবিধান করেছিলাম তখন ভেবেছিলাম, সবচেয়ে ভালো মানুষগুলো নির্বাচিত হয়ে সংসদে যাবেন। বাংলাদেশের মানুষ ভেবেছিল, তাদের নির্বাচিত প্রতিনিধি ক্ষমতায় গেলে তাদের সব সমস্যার সমাধান হয়ে যাবে। কিন্তু সেটি হচ্ছে না। কারণ, কালো টাকার প্রভাবে অসৎ লোকজন নির্বাচিত হয়ে সংসদে যাচ্ছেন। জনগণের প্রতিনিধি হলেও তাঁরা জনগণের স্বার্থ দেখেন না। সংবিধানে স্থানীয় সরকারকে শক্তিশালী করার কথা বলা হচ্ছে। কিন্তু সেটিও করছেন না সাংসদেরা।’ কামাল হোসেন বলেন, দীর্ঘদিন সংসদীয় গণতন্ত্রের জন্য এ দেশের মানুষ আন্দোলন করেছে। সংসদই সবকিছুর জবাবদিহির কেন্দ্র হওয়া উচিত ছিল। কিন্তু সংসদই এখন কাজ করছে না। সমস্যার সমাধান কী হবে—তরুণদের এই প্রশ্নের জবাবে কামাল হোসেন বলেন, সমাধান আছে। আন্দোলন-সংগ্রাম, হরতাল করে এই সমস্যার সমাধান হবে না। মানুষকে সচেতন হতে হবে। আগামী নির্বাচনে তাই সৎ মানুষের খোঁজ করতে হবে। রোকনউদ্দিন মাহমুদ বলেন, এ দেশের মানুষ বারবার নির্বাচনের জন্য আন্দোলন করেছে। প্রাণ দিয়েছে অনেক মানুষ। কিন্তু ’৯১ সালে সংসদীয় গণতন্ত্র আসার পর থেকে সংসদ বর্জনের ধারাবাহিক চিত্র দেখা যাচ্ছে। বিরোধী দলে গেলেই সংসদ বর্জন এখন সংস্কৃতি হয়ে দাঁড়িয়েছে। কিন্তু আবার যখন নির্বাচন হবে, তখন এই মানুষগুলোই সংসদে যাওয়ার জন্য মানুষের কাছে ভোট চাইবেন। তাহলে কি তাঁরা নির্বাচিত হতে চান কেবল বাড়ি আর শুল্কমুক্ত গাড়ির জন্য? আসিফ নজরুল বলেন, সবার আগে দলের ভেতর গণতন্ত্র প্রতিষ্ঠা করতে হবে। সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো অকার্যকর থাকার কারণ হিসেবে তিনি বলেন, এই প্রতিষ্ঠানগুলোতে নিয়োগের ক্ষেত্রে নির্বাহী বিভাগের ক্ষমতা রয়েই যাচ্ছে। কিন্তু দলীয় লোককে সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে নিয়োগ দিলে প্রতিষ্ঠানগুলো কখনোই কাজে আসবে না। মিজানুর রহমান খান বলেন, কোনো কিছুতেই কিছু ঠিক হবে না, যদি রাজনীতিটা ঠিক না হয়। কারণ সমস্যাটা রাজনীতিতে। এই বৈঠকের আয়োজন সম্পর্কে জাগরীর প্রতিষ্ঠাতা সদস্য ও আমরা জানতে চাই-এর সমন্বয়ক বিধান চন্দ্র পাল বলেন, মোট জনসংখ্যার ৪০ শতাংশই তরুণ এবং একটি দেশের ভবিষ্যৎ তারাই গড়তে পারে। কাজেই তরুণদের দেশের সংবিধান সম্পর্কে জানা উচিত। সংবিধান সম্পর্কে তাদের মতামতও নেওয়া উচিত।