সংবিধানকে সমুন্নত রাখতে আইনজীবীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন। গতকাল বৃহস্পতিবার রাতে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।
কামাল হোসেন বলেন, আইনজীবীরা বিভিন্ন দল করতে পারেন। কিন্তু সংবিধানকে সমুন্নত রাখার বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। চট্টগ্রাম থেকেই সে ঐক্য সৃষ্টি করতে হবে। কারণ, ব্রিটিশ আমল থেকেই যেকোনো আন্দোলনে চট্টগ্রামের ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে ধরে রাখতে হবে। তিনি বলেন, জনগণকে কখনো দুর্বল মনে করা ঠিক নয়। জনগণ ঐক্যবদ্ধ হলে কী শক্তি সঞ্চয় হয়, তা একাত্তর সালের অসহযোগ আন্দোলনে দেখা গেছে। যাঁরাই ক্ষমতায় থাকেন না কেন, সংবিধানকে মেনে চলতে হবে। দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সংবিধান কী উদ্দেশ্যে হয়েছিল, তা জনগণকে বোঝাতে হবে। জনগণকে ক্ষমতাহীন করা সংবিধানের উদ্দেশ্য নয়।
বিচারকদের অপসারণ প্রসঙ্গে প্রবীণ এই আইনজ্ঞ বলেন, এ বিষয়ে অবসরপ্রাপ্ত বিচারক, আইন বিশেষজ্ঞ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষকসহ সংশ্লিষ্টদের মতামত নেওয়া যেতে পারে। এ নিয়ে সাবেক সাংসদ ও নাগরিকেরাও মতামত দিতে পারেন। বিচারক যদি মনে করেন সরকারের বিরুদ্ধে রায় দিলে সরিয়ে দেওয়া হবে। তা ঠিক হবে না।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ সিরাজদ্দৌলা কুতুবী, চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর, চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবির, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য মাহবুব উদ্দিন খোকন, ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল প্রমুখ।