সংবিধান লঙ্ঘন করিনি: মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক বলেছেন, তিনি জেনেশুনে সংবিধান লঙ্ঘন করতে পারেন না, করেননি। তবে রায়ের পুরো কাগজ হাতে পাওয়ার পর আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে তিনি এ বিষয়ে কথা বলবেন। আজ শনিবার সকালে জাতীয় প্রেসক্লাবে বঙ্গবন্ধু গবেষণা পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

গত বৃহস্পতিবার সরকারের দুই মন্ত্রী কামরুল ইসলাম ও আ ক ম মোজাম্মেল হকের আদালত অবমাননা-সংক্রান্ত পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়। সংখ্যাগরিষ্ঠ মতের ওই রায়ে বলা হয়েছে, ‘তাঁরা (দুই মন্ত্রী) আইন লঙ্ঘন করেছেন এবং সংবিধানের রক্ষণ, সমর্থন ও নিরাপত্তা বিধানে তাঁদের শপথ ভঙ্গ করেছেন।’

এ বিষয়ে আ ক ম মোজাম্মেল হক আলোচনা সভায় বলেন, ‘সংবিধান লঙ্ঘনের ব্যাপারে মহামান্য আদালত যে কথা বলেছেন, আমি জেনেশুনে সংবিধান লঙ্ঘন করতে পারি না, করি নাই। কারণ, এই সংবিধান মুক্তিযোদ্ধাদের রক্তের আখরে লেখা। বঙ্গবন্ধু নিজেই সংবিধান রচনা করে গেছেন। সংবিধান কীভাবে লঙ্ঘন করেছি—রায়ের পুরো কাগজ পাওয়ার পরে আইনজীবীদের সঙ্গে পরামর্শ করে আমি আমার কথা বলব। আজকে এই ব্যাপারে কথা বলতে চাই না। তবে এইটুকু বলতে চাই—হ্যাঁ, সংবিধান লঙ্ঘন করেছি, পাকিস্তানের সংবিধান লঙ্ঘন করেছি। শুধু লঙ্ঘন করিনি, সেটা লাথি মেরে বঙ্গোপসাগরে নয়, সিন্ধু নদের ওপারে বঙ্গবন্ধুর নির্দেশে সেটা ফেলে দিয়েছি।’ তিনি বলেন, ‘বাংলাদেশের সংবিধান আমাদের রক্তের আখরে লেখা। এই সংবিধানের জন্য ৩০ লাখ মানুষ শহীদ হয়েছে। এই সংবিধানের জন্য বঙ্গবন্ধুর নির্দেশে আমরা মুক্তিযুদ্ধ করেছি। তাই সংবিধানকে যেকোনো মূল্যে সমুন্নত রাখব।’

মোজাম্মেল হক বলেন, ‘জিয়া, এরশাদ ও খালেদা জিয়ারা ৩০ বছর মুক্তিযুদ্ধের সংবিধান, বাহাত্তরের সংবিধানকে পদদলিত করেছিল; ধ্বংস করার চেষ্টা করেছিল। আমরা এই সংবিধানকে রক্ষা করেছি। তাই আমরা সংবিধানের রক্ষক।’

সংসদ ভবন এলাকা থেকে জিয়াউর রহমানের কবর সরানোর বিষয়ে মোজাম্মেল হক বলেন, ‘বিএনপির মহাসচিব বলেছেন, এই সরকারের একজন মন্ত্রী জিয়াউর রহমানের বিরুদ্ধে লেগেছেন। কারও বিরুদ্ধে লাগা আমাদের স্বভাব নয়। তবে সত্য কথা বলা এবং সত্য উদ্‌ঘাটন করা—এই দেশের মানুষ হিসেবে আমার কর্তব্য। জিয়াউর রহমানের মরদেহের ডিএনএ টেস্ট করা হোক, ওখানে কার কবর আছে। আমি চ্যালেঞ্জ করে বলছি, সেখানে জিয়াউর রহমানের কবর নেই।’ তিনি বলেন, ‘যেভাবেই হোক ওই সময় জিয়াউর রহমান রাষ্ট্রপতি ছিলেন। মৃত জিয়াউর রহমানের একটা ছবি দেখতে চাই। তাঁর লাশের যদি কোনো ছবি দেখাতে পারেন, তাহলে আমরা ও জাতি বিশ্বাস করব ওখানে জিয়াউর রহমানকে কবর দেওয়া হয়েছে। এত বছর মানুষকে ধোঁকা দেওয়া হয়েছে, মিথ্যাচার করা হয়েছে। আজ সেই মিথ্যাচারের বিরুদ্ধে কথা বলছি।’ সংসদ ভবন এলাকা থেকে খান এ সবুরসহ অন্যদের কবর সরিয়ে ফেলে লুই আই কানের নকশা ফিরিয়ে আনার দাবিও জানান তিনি।

বঙ্গবন্ধু গবেষণা পরিষদের সভাপতি গনি মিয়া বাবুলের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য দেন সাংসদ হোসনে আরা বেগম বাবলী, সংগঠনের যুগ্ম সাধারণ সম্পাদক হারুনুর রশীদ, প্রচার সম্পাদক খান চামন-ই-এলাহী প্রমুখ।