সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে বিচার: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান লঙ্ঘন করে কেউ যদি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, ভবিষ্যতে তাঁর বিচার হবে। গতকাল সোমবার ঢাকা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবন উদ্বোধন এবং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটাধিকার সুরক্ষিত করতেই সংবিধান সংশোধন করা হয়েছে। বর্তমান সরকার আইনের শাসন রক্ষায় কাজ করছে। তিনি বিচারকদের ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, আদালতে ন্যায়বিচার পাওয়ার অধিকার সবার আছে। সংবিধান দেশের সব নাগরিককে সে অধিকার দিয়েছে।
শেখ হাসিনা আরও বলেন, উচ্চ আদালতে সামরিক আইন অবৈধ ঘোষণা করায় জনগণের অধিকার নিশ্চিত হয়েছে। তিনি অভিযোগ করেন, ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ একটি অন্ধকার যুগ অতিক্রম করেছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করা হয়েছে।
পুনরায় নির্বাচনকালীন সরকারে যোগ দেওয়ার জন্য বিরোধী দলের প্রতি আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমি সকলের প্রতি নির্বাচনকালীন সরকারে যোগদানের আহ্বান জানিয়েছি। কেননা, ভোট কারচুপির কোনো ইচ্ছা আমাদের নাই। বিগত পাঁচ বছরে সকল স্থানীয় এবং জাতীয় নির্বাচনে এর প্রমাণ আমরা দিয়েছি।’
২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনজীবী সমিতির বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ২০ কোটি টাকা অনুদানের ঘোষণা করেছিলেন।
ঢাকা আইনজীবী সমিতির সভাপতি কাজী মোহাম্মদ নজিবুল্ল্লাহ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে বক্তব্য দেন সাবেক মন্ত্রী সাহারা খাতুন, আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক প্রমুখ।