সংবিধান লঙ্ঘন করে ক্ষমতায় যাওয়ার চেষ্টা করলে বিচার হবে: প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান লঙ্ঘন করে কেউ যদি ক্ষমতায় যাওয়ার চেষ্টা করেন, ভবিষ্যতে তাঁর বিচার হবে। আজ সোমবার ঢাকা আইনজীবী সমিতির নবনির্মিত বহুতল ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, জনগণের ভোটাধিকার সুরক্ষিত করতেই সংবিধান সংশোধন করা হয়েছে। বর্তমান সরকার আইনের শাসন রক্ষায় কাজ করছে। তিনি বিচারকদেরকে ন্যায়বিচার নিশ্চিত করার আহ্বান জানিয়ে বলেন, আদালতে ন্যায়বিচার পাওয়ার অধিকার সবার আছে। সংবিধান দেশের সব নাগরিককে সে অধিকার দিয়েছে।
শেখ হাসিনা আরও বলেন, উচ্চ আদালতে সামরিক আইন অবৈধ ঘোষণা করায় জনগণের অধিকার নিশ্চিত হয়েছে। তিনি অভিযোগ করেন, ১৯৭৫ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত বাংলাদেশ একটি অন্ধকার যুগ অতিক্রম করেছে। তিনি বলেন, যুদ্ধাপরাধীদের বিচারের মাধ্যমে বাংলাদেশকে কলঙ্কমুক্ত করা হয়েছে।
এর আগে প্রধানমন্ত্রী ঢাকার মুখ্য বিচারিক হাকিম আদালতের বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। তিনি সকাল ১০টা ২০ মিনিটে পুরান ঢাকার আদালত ভবনে এসে পৌঁছান। আইনজীবী সমিতির নবনির্মিত ভবন উদ্বোধন ও আদালত ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে এক অনুষ্ঠানে বক্তব্য রাখেন।
২০১১ সালের ১৭ ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী শেখ হাসিনা আইনজীবী সমিতির বহুতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের সময় ২০ কোটি টাকা অনুদানের ঘোষণা করেছিলেন। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক মন্ত্রী সাহারা খাতুন, স্থানীয় সাংসদ আ ফ ম মোস্তফা জালাল মহিউদ্দিন, ঢাকা মহানগর দায়রা জজ মো. জহুরুল হক প্রমুখ।