মহিউদ্দিন জিন্টুর ফাঁসির দণ্ড মওকুফ করে দেওয়া রাষ্ট্রপতির আদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছিল আওয়ামী লীগ। এ জন্য আইনমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের বরখাস্তেরও দাবি করেছিল তৎকালীন বিরোধী দল।২২ বছর পলাতক থাকা সুইডেনপ্রবাসী জিন্টুর দণ্ড মওকুফ করেছিলেন সাবেক রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। জিন্টু সুইডেন শাখা বিএনপির সভাপতি ছিলেন। দেশে এসে আত্মসমর্পণের ১০ দিনের মাথায় তাঁর দণ্ড মওকুফ করে বিএনপি সরকার। ২০০৫ সালের ১৩ জানুয়ারি তিনি মুক্তি পান।ওই সময় ধানমন্ডির দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত দলের পক্ষে বক্তব্য দেন। তিনি বলেছিলেন, রাজনৈতিক বিবেচনায় সাজা মওকুফের এ ঘটনায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর প্রাতিষ্ঠানিকতা কলঙ্কিত এবং মানবাধিকার লঙ্ঘিত হয়েছে। একই মামলায় একজনের সাজা মওকুফ আর অন্য দুজনকে সাজা দেওয়ার ঘটনায় নাগরিক অধিকারে বৈষম্য সৃষ্টি করা হয়েছে, যা সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন।২০০৫ সালের ২২ জুলাই আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির সভায় সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, দলীয় বিবেচনায় ফাঁসির আদেশ মওকুফ করা সংবিধান লঙ্ঘনের শামিল। তিনি এ জন্য রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীকে অভিযুক্ত করেন।