সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, দেশের বিচার বিভাগের ওপরই ন্যস্ত করা হয়েছে আইনের শাসন ও সংবিধান সংরক্ষণের দায়িত্ব। এ কারণেই সংবিধানের অভিভাবক হিসেবে পঞ্চম সংশোধনী নিয়ে ঐতিহাসিক রায় দিয়েছে বিচার বিভাগ। সুপ্রিম কোর্টেও ওই রায় সমুন্নত রয়েছে। তাই এটি এখন দেশের প্রচলিত আইন ও সংবিধানের অংশ হিসেবে চলে এসেছে।গতকাল সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে বাংলাদেশ লোড-আনলোড শ্রমিক ফেডারেশন আয়োজিত ‘মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষিত দিনবদলের সনদ বাস্তবায়ন ও গরিব-দুঃখী-মেহনতি মানুষের ভাগ্য উন্নয়নে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে সুরঞ্জিত সেনগুপ্ত এসব কথা বলেন।সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যদি কেউ অন্যায়ভাবে, অসাংবিধানিকভাবে বা অগণতান্ত্রিকভাবে সংবিধানের ওপর আক্রমণ করে, তাহলে সংবিধান রক্ষার দায়িত্ব অভিভাবক হিসেবে বিচার বিভাগেরই। এ নিয়ে কারও কোনো দ্বিধা বা সংশয় থাকার কারণ নেই।বিএনপির বিরুদ্ধে জাতীয় সংসদকে পাশ কাটিয়ে সংবিধানের অষ্টম সংশোধনী পুনর্মুদ্রণের অভিযোগ তুলে সুরঞ্জিত বলেন, ‘বিএনপির নেতারা এখন বলছেন কোর্ট নয়, জাতীয় সংসদকেই সংবিধান সংশোধন করতে হবে। অষ্টম সংশোধনী ছেপে দেওয়ার সময় এই অনুভূতি ও রাজনৈতিক চিন্তা আপনাদের কোথায় ছিল? তখন আপনারা জাতীয় সংসদকে তোয়াক্কা না করে আইন মন্ত্রণালয়ের মাধ্যমে অষ্টম সংশোধনী পুনর্মুদ্রণ করে দিয়েছিলেন। এখন আপনাদের মুখে এ কথা শোভা পায় না।’ তিনি বলেন, এ জন্য বিএনপির উচিত জাতির কাছে ক্ষমা চাওয়া। কিন্তু যেহেতু তারা ক্ষমা চায়নি, তাই তাদের মুখ থেকে এ বিষয়ে কোনো কথা জাতি শুনতে চায় না।সংবিধান সংশোধনবিষয়ক বিশেষ কমিটির কো-চেয়ারম্যান আরও বলেন, জনগণের অধিকার সমুন্নত রেখে বাহাত্তরের সংবিধান আওয়ামী লীগ এনেছিল। এই সংবিধান সমুন্নত রাখতে আওয়ামী লীগকেই এগিয়ে আসতে হবে। কারণ, বিএনপি সংবিধান বিকৃত করেছে, সামরিক শাসন যুক্ত করেছে এবং মানুষের অধিকার ছিনিয়ে নিয়েছে। তাই বিএনপির এ নিয়ে কথা বলার কোনো অধিকার নেই।সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এখন বাহাত্তরের সংবিধান আবার ফিরিয়ে এনে সেটি সংবিধানে সন্নিবেশিত করতে হবে। প্রশ্ন হচ্ছে, সংবিধানে ওই ধারাগুলো কীভাবে পুনর্মুদ্রণ করা হবে। কেউ বলছেন, এটি স্বয়ংক্রিয়ভাবেই হয়ে যাবে। আবার কেউ বলছেন, এটাকে সংবিধানে আনতে হলে জাতীয় সংসদের ভূমিকা রয়েছে। কারণ, সংবিধান সংশোধনের দায়িত্ব একমাত্র জাতীয় সংসদেরই। তিনি বলেন, সাধারণ মানুষের ক্ষমতা অক্ষুণ্ন রেখে, সাংবিধানিক পবিত্রতা রক্ষা করেই আইন সভা, নির্বাহী বিভাগ ও বিচার বিভাগ—এই তিনের সমন্বয়ে রাষ্ট্র পরিচালিত হবে। সংবিধান বিচার বিভাগ, সংসদ ও নির্বাহী বিভাগকে যে ক্ষমতা দিয়েছে, যে যার ক্ষমতায় যদি থাকে এবং দায়িত্ব পালন করে, তাহলে কোনো সংকট হওয়ার কথা নয়।বিরোধী দলের উদ্দেশে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, যখন এই সরকার বিদ্যুৎ ও গ্যাসের সমস্যা সমাধানের উদ্যোগ নিয়েছে, প্রতিটি ঘরে একজনকে চাকরি দেওয়ার কঠিন চ্যালেঞ্জ মোকাবিলা করছে, তখন বিরোধী দল থেকে কোনো রকম সহযোগিতা পাওয়া যাচ্ছে না। তারা সংসদে যায় না, উল্টো দাবির সংখ্যা বাড়িয়ে দিয়েছে।বিরোধী দলের সমালোচনা করে সুরঞ্জিত বলেন, ‘এখন তারা আরেকটি বিভ্রান্তি ছড়াচ্ছে আফগানিস্তান নিয়ে। আমরা বলতে চাই, শেখ হাসিনার সরকার সার্কভুক্ত দেশগুলোতে শান্তি ও সমৃদ্ধি চায়। এ কারণেই আফগানিস্তানে সেনা পাঠানোর কথা আমরা ভাবতেই পারি না। আফগানিস্তানে শান্তি বিরাজ করুক, তবে তা যুদ্ধ বা জঙ্গিবাদের মাধ্যমে নয়।’বাংলাদেশ লোড-আনলোড শ্রমিক ফেডারেশনের সভাপতি এস এম ওমর ফারুকের সভাপতিত্বে বৈঠকে মহানগর আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক আবদুল হক, বঙ্গবন্ধু মঞ্চের চেয়ারম্যান নিয়াজ মোহাম্মদ খান ও আওয়ামী ওলামা লীগের সভাপতি মওলানা ইলিয়াস হোসেন বিন হেলালী প্রমুখ বক্তব্য দেন।