বাংলাদেশের সঙ্গে ভারতের স্থলসীমান্ত চুক্তি (এলবিএ) সইয়ের লক্ষ্যে লোকসভার আগামী শীতকালীন অধিবেশনে সংবিধান সংশোধনী বিল উত্থাপনের ব্যাপারে আশাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিজেপি সরকার। নভেম্বরের শেষ সপ্তাহে এ অধিবেশন বসার কথা রয়েছে। গতকাল রোববার ভারতের টাইমস অব ইন্ডিয়ায় প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
সংবিধান সংশোধন বিলটি নিয়ে বর্তমানে কাজ করছে ভারতের কংগ্রেসদলীয় পার্লামেন্ট সদস্য শশী থারুরের নেতৃত্বাধীন পার্লামেন্টের স্থায়ী কমিটি। এই কমিটি তাদের প্রতিবেদন দাখিলের পরই কেবল পার্লামেন্টে উঠতে পারে ওই বিলটি।
কিছু সূত্রের ভাষ্য, ভারতের পররাষ্ট্রসচিব সুজাতা সিং কমিটির সদস্যদের কাছে বিষয়টিতে ব্যাখ্যা দিতে এরই মধ্যে তাঁদের মুখোমুখি হয়েছেন। গত তিন বছর ধরেই আলোচনার টেবিলে ঘুরছে এই বিল। মজার বিষয় যেটি তা হলো, কংগ্রেস নেতৃত্বাধীন সাবেক সংযুক্ত প্রগতিশীল মোর্চা (ইউপিএ) সরকারের শেষ ভাগে বিলটি পার্লামেন্টে পাসের একেবারে দ্বারপ্রান্তে উপনীত হয়েও শেষমেশ তা আলোর মুখ দেখেনি। তৎকালীন প্রধান বিরোধী দল ও বর্তমান ক্ষমতাসীন বিজেপির বিরোধিতায় আটকে যায় সেটি। বিরোধী দলে থাকার সময়ই বিজেপির জ্যেষ্ঠ নেতারা স্থলসীমান্ত চুক্তি সইয়ের ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছিলেন। কিন্তু কেবল রাজনৈতিক কারণে সে সময় এর বিরোধিতা করেন তাঁরা। বিজেপির আসাম ও পশ্চিমবঙ্গ শাখার ঘোর বিরোধিতার কারণেই তাঁরা পিছু হটেন বলে মনে করা হয়।
বহুল আলোচিত স্থলসীমান্ত চুক্তি সই হতে হলে ভারতের সংবিধান সংশোধনী বিলকে পার্লামেন্টে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতায় পাস হতে হবে। পার্লামেন্টের নিম্নকক্ষ লোকসভায় বিলটি পাসে বিজেপির বাধাগ্রস্ত হওয়ার সম্ভাবনা না থাকলেও, উচ্চকক্ষ রাজ্যসভায় বাধার মুখে পড়তে হতে পারে দলটিকে। কেননা, এখানে তাদের সংখ্যাগরিষ্ঠতা নেই।
নরেন্দ্র মোদির নতুন সরকার ক্ষমতায় আসার পর ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজের প্রথম বিদেশ সফর ছিল ঢাকায়। তিস্তার পানিবণ্টন ও স্থলসীমান্ত সমস্যা—বাংলাদেশের সঙ্গে ভারতের দ্বিপক্ষীয় উদ্বেগের বিষয়গুলোর প্রধান দুটি।
স্থলসীমান্ত চুক্তি স্বাক্ষর হলে ছিটমহল ও অপদখলীয় জমি হস্তান্তরের পাশাপাশি সাড়ে ছয় কিলোমিটারের অচিহ্নিত সীমানা চিহ্নিত করার বিষয়টি সুরাহা হবে। সে জন্য এ চুক্তির আগে ভারতের সংবিধান সংশোধন করা প্রয়োজন। আর বাংলাদেশ ১৯৭৪ সালে স্থলসীমান্ত চুক্তিটি অনুসমর্থন করেছে।