সংবিধান সংশোধনে মতামতের প্রয়োজন নেই: আইনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতিদের অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের হাতে দিতে ‘সংবিধানের ষোড়শ সংশোধনী বিলের’ বিষয়ে কারও মতামত নেওয়ার প্রয়োজন নেই বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক।
গতকাল শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে ‘আইনগত সহায়তার ক্ষেত্রে সরকারি ও এনজিও উদ্যোগের অংশীদারির মাধ্যমে ন্যায়বিচার লাভ’ শীর্ষক সম্মেলনের উদ্বোধনীপর্ব শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক এ কথা বলেন।
আইনমন্ত্রী বলেন, সংবিধান সংশোধনীতে যে ‘অপসারণের’ কথাটা থাকবে, সেই ‘অপসারণের’ কথাটা সংবিধানে থাকাটাই শেষ নয়, এ জন্য একটা আইন করতে হবে। সে আইনের সময় সবার মতামত নেওয়া হবে।
সবার মতামত বলতে কাদের বোঝাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘অংশীজন, আইনজীবী ও সুশীল সমাজের সঙ্গে কথা বলব।’ তিনি বলেন, ‘আমরা মনে করি, এই সংশোধনীটা যে আনা হচ্ছে, এই সংশোধনটা আনা প্রয়োজন। এতে বিচার বিভাগের সম্মান যথেষ্ট বাড়বে, বিচার সুরক্ষিত হবে।’
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সম্মেলনে আনিসুল হক বলেন, রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় আইনগত সহায়তা পাওয়া দরিদ্র মানুষের অধিকার। অসচ্ছল ব্যক্তিদের আইনি সহায়তা নিশ্চিত করা সরকারের সাংবিধানিক দায়িত্বের অংশ। তিনি বলেন, স্বল্প সময়ে মানসম্মত আইনি সহায়তা নিশ্চিত করা বড় চ্যালেঞ্জ। চ্যালেঞ্জ মোকাবিলায় ইতিমধ্যে প্রশিক্ষণমূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে। মামলাজট থেকে বিচার বিভাগকে মুক্ত করতে জেলা লিগ্যাল এইড অফিসকে বিকল্প বিরোধ নিষ্পত্তির প্রাণকেন্দ্র হিসেবে কাজে লাগানোর প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া হয়েছে।
অনুষ্ঠানে মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের দায়িত্বপ্রাপ্ত সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক, জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থার পরিচালক সৈয়দ আমিনুল ইসলাম, ডিএফআইডি বাংলাদেশের সিনিয়র গভর্ন্যান্স অ্যাডভাইজার রিচার্ড বাটারওয়ার্থ ও কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস প্রকল্পের টিম লিডার হেক্টর ডিয়াজ সলিমান বক্তব্য দেন। জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা ও কমিউনিটি লিগ্যাল সার্ভিসেস এ সম্মেলনের আয়োজন করে।