সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ সংসদীয় কমিটিকে অর্থহীন ও অপ্রয়োজনীয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ। রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গতকাল মঙ্গলবার বিকেলে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) ঢাকা মহানগর (উত্তর) আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন নির্বাচনে বিজয়ী জাতীয়তাবাদী প্যানেলের সদস্যদের সংবর্ধনা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।মওদুদ আহমদ অভিযোগ করেন, সংবিধান সংশোধন নিয়ে স্বয়ং প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রী পরস্পরবিরোধী বক্তব্য দিচ্ছেন। আইনমন্ত্রী বলছেন, মুদ্রিত সংবিধানই বর্তমান সংবিধান। আর প্রধানমন্ত্রী বলেছেন, সংবিধান সংশোধন হবে সংসদে। মীর সানাউল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে নির্বাচিত সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি খন্দকার মাহবুব হোসেন, সাধারণ সম্পাদক বদরুদ্দোজা বাদল, বিএনপির কেন্দ্রীয় নেতা গাজী মাজহারুল ইসলাম, এম এ কাইয়ুম প্রমুখ বক্তব্য দেন।