সংবিধান সংশোধন কমিটি আজ বিশেষজ্ঞদের সঙ্গে বসছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধন বিষয়ে মতামত নেওয়ার জন্য আজ রোববার বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে বিশেষ কমিটি। বেলা ১১টায় সংসদ ভবনে এ বৈঠক শুরু হবে। প্রধান বিরোধী দল বিএনপির নেতাদের সঙ্গে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে কাল সোমবার বেলা ১১টায়। সেদিন বিকেলে জাতীয় পার্টিসহ অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের সঙ্গেও বৈঠক হবে। সবশেষে ২৬ এপ্রিল বেলা ১১টায় বৈঠক হবে আওয়ামী লীগের নেতাদের সঙ্গে।ইতিমধ্যে সংশ্লিষ্ট সবার কাছে বিশেষ কমিটির পক্ষ থেকে বৈঠকের আমন্ত্রণপত্র পাঠানো হয়েছে। আজকের সভার বিশেষজ্ঞদের তালিকায় রয়েছেন বাংলাদেশের সংবিধান প্রণয়ন কমিটির প্রধান আইনজ্ঞ ড. কামাল হোসেন ও সদস্য এম আমীর-উল ইসলাম, সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমান, কামালউদ্দিন হোসেন, মোস্তাফা কামাল, এ টি এম আফজাল, মোহাম্মদ ফজলুল করিম ও মো. তাফাজ্জাল ইসলাম, বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম, টি এইচ খান, মাহমুদুল ইসলাম, রফিক-উল হক, ড. এম জহির, অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, রোকনউদ্দিন মাহমুদ, আজমালুল হোসেন কিউসি, তৌফিক নেওয়াজ ও শেখ ফজলে নূর তাপস।