সংবিধান সংশোধন কমিটির প্রথম বৈঠক ২৯ জুলাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধন-সংক্রান্ত বিশেষ কমিটির প্রথম বৈঠক ২৯ জুলাই জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। গতকাল বৃহস্পতিবার বিকেলে সংসদ ভবনে আয়োজিত সংবাদ ব্রিফিংয়ে কমিটির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়।ব্রিফিংয়ে কমিটির সভাপতি ও সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী জানান, কমিটিতে বিএনপির অন্তর্ভুক্তির পথ বন্ধ হয়ে যায়নি। তাদের পক্ষ থেকে কারও নাম প্রস্তাব করা হলে তা সংসদে উপস্থাপন করে কমিটিতে অন্তর্ভুক্ত করা সম্ভব।বিশেষ কমিটির প্রথম এই আনুষ্ঠানিক ব্রিফিংয়ে কমিটির সহসভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত, সদস্য ফজলে রাব্বি মিয়া, রাশেদ খান মেনন, হাসানুল হক ইনু ও হাসান মাহমুদ উপস্থিত ছিলেন।সংবিধান সংশোধনের উদ্দেশ্য সম্পর্কে ব্রিফিংয়ে সাজেদা চৌধুরী জানান, জনগণের সার্বভৌম ক্ষমতা পুনরায় প্রতিষ্ঠা, অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখল বন্ধ করা, আদালতের রায় বাস্তবায়ন, মুক্তিযুদ্ধের চেতনা সংরক্ষণ এবং মহাজোটের নির্বাচনী অঙ্গীকার পূরণ করার জন্য সংবিধান সংশোধনের উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, ‘আমাদের মূল সংবিধান ও বর্তমান সংবিধানের মধ্যে অনেক পার্থক্য তৈরি হয়েছে। এটা ঠিক করার জন্য সংবিধান সংশোধনের উদ্যোগ দেওয়া হয়েছে। জনগণকে আস্থায় নিয়ে সংবিধান সংশোধন করা হবে। কমিটি প্রয়োজনে আইন বিশেষজ্ঞদের ডেকে তাঁদের পরামর্শ নেবে। সে জন্য ২৯ জুলাইয়ের বৈঠকে উপস্থিত থাকার জন্য আইনমন্ত্রী শফিক আহমেদকে বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে।’সংবিধান সংশোধন করলে অবৈধভাবে ক্ষমতা দখলের সুযোগ বন্ধ হবে কি না, জানতে চাইলে সাজেদা চৌধুরী বলেন, হবে। তিনি জিয়াউর রহমানের প্রতি ইঙ্গিত করে বলেন, ‘উনি ক্ষমতা দখল করে ইচ্ছেমতো সংবিধানকে ক্ষতবিক্ষত করেছেন। আমরা সেই ক্ষত সারিয়ে সুন্দর সংবিধান দেওয়ার চেষ্টা করব।’সংবিধান সংশোধন কমিটিকে অসাংবিধানিক বলে বিএনপির মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেন যে মন্তব্য করেছেন, সে সম্পর্কে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, এটা তিনি বিদ্বেষপ্রসূত হয়ে বলে থাকতে পারেন। তাঁরা যখন সংবিধান সংশোধন করেছিলেন, তখনো কার্যপ্রণালী বিধির ২৬৬ ধারা অনুযায়ী কমিটি গঠন হয়েছিল। এখনো তাই হয়েছে।