প্রধান বিরোধী দল বিএনপি কমিটিতে না থাকলেও বিকল্প উপায়ে তাদের মতামত চাইবে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। আর বিএনপি নাম পাঠালে দ্রুততম সময়ে তাদের নিয়ে কমিটি পুনর্গঠন করা হবে। সংসদে প্রতিনিধিত্ব না থাকা রাজনৈতিক দলের মতামতও সংগ্রহ করা হবে।আজ বৃহস্পতিবার সকালে সংসদ ভবনে বিশেষ কমিটির প্রথম সভায় এসব বিষয়ে সুনির্দিষ্ট সিদ্ধান্ত নেওয়া হবে।জানা গেছে, প্রথম সভায় কমিটির কার্যতালিকা নির্ধারণ করা হবে। আদালতের নির্দেশনার বাইরেও সংবিধানের প্রয়োজনীয় সংশোধনীর ব্যাপারে তারা একটি তালিকা তৈরি করবে। কমিটি তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা সম্পর্কে সংবিধানের সংশোধনীগুলো নিয়েও আলোচনা করবে।জানা গেছে, বিশেষ কমিটির জন্য নাম পাঠাতে প্রধান বিরোধী দলকে আবারও অনুরোধ করা হবে। এর পরও তারা কমিটিতে না এলে সংবিধান সংশোধনে তাদের মতামত চেয়ে চিঠি পাঠানো হতে পারে। এ ছাড়া বিশেষ কমিটিতে প্রতিনিধিত্ব না থাকা অন্যান্য দল, সংবিধান বিশেষজ্ঞ, সুশীল সমাজের প্রতিনিধি ও আইনজ্ঞদের পরামর্শ নেওয়া হবে।জানতে চাইলে বিশেষ কমিটির চেয়ারপারসন ও সংসদের উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘যেকোনো আকারে প্রধান বিরোধী দলের মতামত নিতে চায় বিশেষ কমিটি। তারা যদি শেষ পর্যন্ত কমিটিতে না আসে, তাহলে লিখিতভাবেও প্রস্তাব পাঠাতে পারবে।’কমিটির যুগ্ম চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘প্রধান বিরোধী দল যেন যেকোনো আকারে সংবিধান সংশোধনের এ প্রক্রিয়ায় থাকে, সে লক্ষ্যেই সরকার কাজ করছে। তারা শেষ পর্যন্ত কমিটিতে না এলেও তাদের মতামত দিয়ে কমিটিকে সমৃদ্ধ করতে পারে।’২১ জুলাই সংসদে সংবিধান সংশোধনে এ বিশেষ কমিটি গঠন করা হয়। এর আগে ১৮ জুলাই প্রধান বিরোধী দলের কাছে এ কমিটির জন্য নাম চেয়ে সরকারি দল চিঠি পাঠায়। কিন্তু বিরোধী দল নাম দেয়নি।