সংবিধান সংশোধন ছাড়া নির্বাচন সম্ভব না: ফখরুল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মির্জা ফখরুল ইসলাম আলমগীর
মির্জা ফখরুল ইসলাম আলমগীর

সংবিধান সংশোধন ছাড়া নির্বাচন করা সম্ভব না। বর্তমান সংবিধানের অধীনে বিএনপি নির্বাচনে যাবে না, কোনো নির্বাচন করতেও দেবে না।
জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আজ শুক্রবার রাজধানীতে এক আলোচনায় সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এ কথা বলেন।
মির্জা আলমগীর বলেন, ‘সরকারের হাতে সময় নেই, আমাদের হাতেও সময় নেই। নির্বাচন করতে হলে সংসদ ভেঙে দিতে হবে, সরকারকে সরে যেতে হবে। আন্দোলনের মাধ্যমে সরকারকে বিদায় করে নির্বাচন অনুষ্ঠিত হবে।’ তিনি বলেন, সরকার যেভাবে নির্বাচন করতে চাচ্ছে, পৃথিবীর কোথাও এভাবে নির্বাচন করার নজির নেই। সুষ্ঠু নির্বাচনের জন্য সব দলকেই সমান সুযোগ দিতে হবে।
ভারপ্রাপ্ত মহাসচিব বলেন, ‘আওয়ামী লীগ একতরফা নির্বাচন করতে চায়। সেভাবেই তারা পরিকল্পনা করছে। কিন্তু তাদের একতরফা নির্বাচন করতে দেওয়া হবে না। কঠোর আন্দোলন গড়ে তুলতে হবে।’ তিনি আন্দোলনে নারীদের এগিয়ে আসার আহ্বান জানান।
সংগঠনের সভাপতি নূরে আরা সাফার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বিএনপির ঢাকা মহানগর কমিটির সদস্যসচিব আবদুস সালাম, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা প্রমুখ।