সংবিধান সংশোধন ছাড়াই নির্দলীয় সরকার গঠন সম্ভব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাবেক যোগাযোগমন্ত্রী নাজমুল হুদা বলেছেন, সংবিধান সংশোধন ছাড়াই দুই নেত্রীর প্রস্তাবের সমন্বয়ে নির্বাচনকালীন নির্দলীয় অন্তর্বর্তী সরকার গঠন সম্ভব। তিনি ওই অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে স্বতন্ত্র সাংসদ ফজলুল আজিমের নাম প্রস্তাব করেন।
গত সোমবার রাজধানীতে এক সংবাদ সম্মেলনে নাজমুল হুদা এ প্রস্তাব করেন। ১১ সদস্যের অন্তর্বর্তী সরকারের রূপরেখা উপস্থাপন করে তিনি বলেন, সংবিধানের ৫৬(১) ও ৫৬(২) অনুচ্ছেদ অনুসারে প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি ১০০ সদস্যের মন্ত্রিপরিষদ গঠন করবেন। প্রস্তাবিত মন্ত্রিপরিষদের ৯০ জন সাংসদ ও বাকি ১০ জন হবেন সাংসদ নন, তবে যোগ্য ব্যক্তিত্ব।
নাজমুল হুদা বলেন, দুই নেত্রীর পরামর্শ অনুযায়ী সাংসদ নন, এমন ব্যক্তিদের নাম সমান সংখ্যায় মন্ত্রিপরিষদে অন্তর্ভুক্ত হবে। এ ক্ষেত্রে সাংসদদের মধ্য থেকে প্রধানমন্ত্রীর প্রস্তাব অনুযায়ী মন্ত্রী নিয়োগ সম্ভব।
নাজমুল হুদার প্রস্তাব অনুযায়ী, সংবিধানের ৫৬ (৩) অনুচ্ছেদ অনুযায়ী ফজলুল আজিমকে প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ দেবেন রাষ্ট্রপতি। তাঁর নিয়োগের এক সপ্তাহের মধ্যে সংবিধানের ৫৭ (২) অনুচ্ছেদ অনুসারে নতুন প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেবেন। এর পরই সংবিধানের ৫৭(১) (খ) উপ অনুচ্ছেদ অনুযায়ী নবনিযুক্ত প্রধানমন্ত্রীর পদ শূন্য হবে। এ ছাড়া সংবিধানের ৫৮(১) (খ) উপ অনুচ্ছেদ অনুযায়ী সাংসদ নন, এমন মন্ত্রী ছাড়া অন্য মন্ত্রীদের পদ শূন্য হবে। এ পরিস্থিতিতে সাংসদ নন, মন্ত্রিপরিষদের এমন সদস্যরাই স্বপদে বহাল থাকবেন। এই আইনজীবী বলেন, পরবর্তী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া না পর্যন্ত রাষ্ট্রপতি নির্বাচনকালীন এই প্রধানমন্ত্রীকে দায়িত্ব চালিয়ে যেতে বলবেন।