সংবিধান বিশেষজ্ঞ ও গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন বলেছেন, জাতীয় মতৈক্যের ভিত্তিতে সংবিধান সংশোধন হওয়া উচিত। সংবিধান সংশোধন-প্রক্রিয়ায় প্রধান বিরোধী দল বিএনপির অংশ নেওয়া উচিত বলেও মন্তব্য করেন তিনি।চট্টগ্রামের একটি হোটেলে গতকাল শনিবার দুপুরে ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অব বাংলাদেশ—আইবিএফবি আয়োজিত এক কর্মশালা শেষে ড. কামাল সাংবাদিকদের এ কথা বলেন। ‘নগর সরকার এবং বেসরকারি খাতের উন্নয়ন’ শীর্ষক কর্মশালায় আরও বক্তৃতা করেন চট্টগ্রামের মেয়র মোহাম্মদ মন্জুর আলম, বিএনপির কেন্দ্রীয় সহসভাপতি আবদুল্লাহ আল নোমান, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এম হাফিজউদ্দিন খান ও চট্টগ্রাম চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি এম এ সালাম। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি ও সাবেক মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী।সংবিধানপ্রণেতা কামাল হোসেন বলেন, সংবিধান সংশোধন কোনো একক দল বা সরকারের কাজ নয়। এটি আদালতের রায়। এখানে দলীয় প্রতিযোগিতা সৃষ্টি না করে বিএনপির উচিত সংবিধান সংশোধন-প্রক্রিয়ায় সক্রিয়ভাবে অংশ নেওয়া। কর্মশালায় মেয়র মন্জুর আলম অঞ্চলভিত্তিক উন্নয়নে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেন, চট্টগ্রামের জন্য যে বরাদ্দ দেওয়া হয়, তা দিয়ে নগরের উন্নয়ন সম্ভব নয়।সাবেক উপদেষ্টা ও টিআইবির চেয়ারম্যান এম হাফিজউদ্দিন খান বলেন, স্থানীয় সরকার শক্তিশালী করতে কোনো সরকারই ব্যবস্থা নেয়নি। এ কারণে সিটি করপোরেশন, পৌরসভা, উপজেলা পরিষদ কাজ করতে পারছে না। নগরের উন্নয়নে করপোরেশনগুলোর কোনো স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি পরিকল্পনাও নেই।কর্মশালায় ২০০৯ সালের সিটি করপোরেশন আইনে ফৌজদারি অপরাধে মেয়র ও কাউন্সিলরদের বরখাস্ত করার যে বিধান করা হয়েছে, তা বাতিলের দাবি জানান বক্তারা।