সংবিধান সংশোধন বিল দুই দিনেই চূড়ান্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচার বিভাগসংশ্লিষ্ট ব্যক্তিদের মতামত না নিয়েই মাত্র দুই বৈঠকে সংবিধানের ষোড়শ সংশোধনী বিল যাচাই-বাছাই করে চূড়ান্ত করেছে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি। আজ–কালের মধ্যেই কমিটি এ বিষয়ে সংসদে প্রতিবেদন জমা দেবে।
শুরুতে সংবিধান সংশোধন বিলের বিরোধিতা করার সিদ্ধান্ত নিলেও শেষ পর্যন্ত জাতীয় পার্টি বিলটির বিরোধিতা করছে না।
গতকাল বুধবার সংসদ ভবনে আইন মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটির এ বৈঠক হয়। বৈঠক শেষে কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, বিলটি পাস হলে এর আলোকে যে আইন হবে, সেখানে বিশেষজ্ঞদের মতামত নেওয়া হবে। তিন মাসের মধ্যে বিচারকদের অপসারণ-সংক্রান্ত আইনটি প্রণয়ন করা হবে। এর আগে গত মঙ্গলবার কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছিলেন, সরকারপক্ষ চাইলে বিচার বিভাগসংশ্লিষ্ট ব্যক্তিদের কমিটির বৈঠকে আমন্ত্রণ জানানো হবে। সরকারের মতামত জানার জন্য আইনমন্ত্রীকে দায়িত্ব দেওয়া হয়।
এ বিষয়ে সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন প্রথম আলোকে বলেন, দায়িত্ববোধের পরিচয় দিতে চাইলে এ ধরনের সংশোধনী পাস করার আগে বিচার-বিবেচনা, জনমত যাচাই, বিশেষজ্ঞদের মতামত ও অন্যান্য দেশের অভিজ্ঞতা মূল্যায়ন বিবেচনায় নেওয়া প্রয়োজন। তা না করে সুপারসনিক গতিতে পাস করা হলে দায়িত্বহীনতার পরিচয় দেওয়া হবে। এটা জনগণের প্রতি অশ্রদ্ধা।
এদিকে গতকাল সংসদের মিডিয়া সেন্টারে সংবাদ ব্রিফিংয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, বিল যাচাই-বাছাইয়ের কাজ শেষ। আপাতত আর কাউকে ডাকার সুযোগ নেই। তা ছাড়া ছোটখাটো সংশোধনী বলেই বিশেষজ্ঞদের ডাকা হয়নি। তবে এ-সংক্রান্ত আইনটি সবার মতামত নিয়েই করা হবে। সুরঞ্জিত বলেন, ‘বিলে যে প্রস্তাবনা আছে, তা বাদ দেওয়ার সুপারিশ করা হয়েছে। দু-এক দিনের মধ্যে, পারলে কালই (আজ বৃহস্পতিবার) প্রতিবেদন দিয়ে দেব।’
সুরঞ্জিত বলেন, অসমর্থ, অসদাচরণকারী বিচারক সুপ্রিম কোর্টে না থাকাই ভালো। এঁদের অপসারণে আইনের অধীনে যে তদন্ত কমিটি হবে, তারা আসল কাজ করবে। সেখানে বিচার বিভাগের সদস্য থাকবেন। সুতরাং এ নিয়ে দুশ্চিন্তার কিছু নেই।
বর্তমান সংসদের গ্রহণযোগ্যতা প্রশ্নে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, আগের বিচার বিভাগ আর এখনকার বিচার বিভাগ কি এক? অনেক কিছুই এখন আর আগের মতো নেই। তাই বলে সংসদ আর বিচার বিভাগ কি থাকবে না? সমালোচনাকারীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়ে সুরঞ্জিত বলেন, সংসদ মানেন না, বিচার বিভাগকে তো মানেন? সেখানেও তো আগের মতো নেই। নাকি বিচার বিভাগকে মানেন না? আসলে সংসদ আর বিচার বিভাগ একে অপরের পরিপূরক।
কমিটির সদস্য আবদুল মতিন খসরু বলেন, মানুষের শেষ আশ্রয়স্থল বিচার বিভাগ। বিচারকেরা যাতে নিরপেক্ষ থেকে বিচারকাজ করেন, সে জন্য এই সংশোধনী প্রস্তাব করা হয়েছে।
কমিটির সদস্য জাতীয় পার্টির জিয়াউল হক মৃধা বলেন, ‘জাতীয় পার্টি প্রথমে বিলটির বিরোধিতা করার সিদ্ধান্ত নিয়েছিল। কিন্তু কমিটিতে আলাপ-আলোচনার পর আমরা জেনেছি, বিলটি যৌক্তিকভাবে আনা হয়েছে। বিচারকদের অপসারণের এই পদ্ধতি সারাবিশ্বে স্বীকৃত। বাইরে যে বিরূপ প্রচারণা চলছে, সেটা ভিত্তিহীন। যে কারণে জাতীয় পার্টি এখন আর বিলটির বিরোধিতা করবে না।
গতকালের বৈঠকে আরও উপস্থিত ছিলেন সাহারা খাতুন, তালুকদার মো. ইউনুস প্রমুখ।