সংবিধান সংশোধন বিল ভারতের রাজ্যসভায় পেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত সীমান্ত চুক্তি বাস্তবায়নের উদ্দেশ্যে গতকাল বুধবার ১১৯তম সংবিধান সংশোধন বিলটি রাজ্যসভায় উত্থাপন করা হয়েছে। তৃণমূল কংগ্রেস ও অসম গণপরিষদের তীব্র বিরোধিতার মুখে বিল পেশের আগে চারবার সভা মুলতবি করতে হয়।
এক বছর ধরে বিলটি পেশ ও পাস করাতে ব্যর্থ সরকার অনির্দিষ্টকালের জন্য পার্লামেন্ট মুলতবি করার দিন নাটকীয়ভাবে বিলটি উত্থাপন করে ভবিষ্যতের জন্য তা জিইয়ে রাখল। গতকাল বিলটি পেশ করা না গেলে নির্বাচনের পর নতুন পার্লামেন্টে নতুনভাবে বিলটি আনতে হতো।
রাজ্যসভায় বিলটি আনার ব্যাপারে আগেভাগে কিছু জানানো হয়নি। সকালে যে অর্ডার পেপার দেওয়া হয়, তাতে দিনের আলোচ্যসূচিতে বিলটির উল্লেখ ছিল না। বেলা আড়াইটার দিকে অতিরিক্ত আলোচ্য বিষয়ের যে তালিকা দেওয়া হয়, তাতে বিলটি রাখা হয়। বিকেল চারটার সামান্য পর ডেপুটি চেয়ারম্যান পি জে কুরিয়েন বিল পেশের জন্য পররাষ্ট্রমন্ত্রী সালমান খুরশিদকে অনুমতি দিলে অসম গণপরিষদের বীরেন্দ্র বৈশ্য ও তৃণমূল কংগ্রেসের ছয়-সাতজন সদস্য ওয়েলে নেমে বিল পেশে বাধা দিতে থাকেন। ফলে পাঁচ মিনিটের মতো সভা মুলতবি রাখতে হয়। ওই সময়েই সরকারপক্ষ ঠিক করে, বিরোধিতা যতই হোক, বিলটি উত্থাপন করতেই হবে।
সভা ফের শুরু হলে সালমান খুরশিদ বিলটি উত্থাপনে উদ্যোগী হন। বিরোধী সদস্যরা তখন সালমানকে ঘিরে ধরার চেষ্টা করেন। সালমানের হাত থেকে বিলটি নিয়ে নেন সাবেক মন্ত্রী অম্বিকা সোনি। সংসদীয় প্রতিমন্ত্রী রাজীব শুক্ল বিরোধীদের বাধা দিতে থাকেন। তৃণমূল সদস্যরা ওয়েলে নেমে এলেও বিজেপির সদস্যরা সেটি করেননি। ওই হট্টগোলের মধ্যে ফের সভা মুলতবি হয়ে যায়। সভা শুরু হলে কুরিয়েন তড়িঘড়ি বিল পেশের অনুমতি দিয়ে সভা আরও একবার মুলতবি করেন। বিকেল পাঁচটার দিকে রেনুকা চৌধুরী সভার কাজ চালাতে ঢুকলে উত্তেজিত বীরেন্দ্র বৈশ্য বলেন, ডেপুটি চেয়ারম্যান সভার নিয়মই শুধু ভাঙেননি, তিনি প্রতিশ্রুতিও ভঙ্গ করেছেন। তিনি এর আগে বলেছিলেন, বিল উত্থাপনের আগে সভার সদস্যদের মতামত নেবেন। অথচ তা না করে তিনি একতরফা বিল উত্থাপন করিয়ে দিলেন। বাধার মুখে রেনুকা আবার সভা মুলতবি করেন। পাঁচ মিনিট পর সভায় আসেন প্রধানমন্ত্রী। পরিচালনার জন্য ঢোকেন চেয়ারম্যান হামিদ আনসারি। কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে তিনি সভা অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে দেন।
সীমান্ত বিল পেশের মধ্য দিয়ে বাংলাদেশকে দেওয়া এই প্রতিশ্রুতি ভারত রক্ষা করল। তবে এর ভাগ্য নির্ধারিত হবে আগামী বছর নতুন সংসদে। এই বিল পাস হলে স্বাধীনতার পর থেকে এ পর্যন্ত অমীমাংসিত দুই দেশের সীমান্ত সমস্যার সুষ্ঠু ও গ্রহণযোগ্য সমাধানই শুধু হবে না, ছিটমহল বিনিময়ের মধ্য দিয়ে ৫১ হাজার মানুষের অবর্ণনীয় দুর্দশারও অবসান ঘটবে।