সংবিধান সংশোধন বিল রোববার সংসদে উত্থাপন
বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরিয়ে দেওয়া-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বিল আগামী রোববার সংসদে উত্থাপন হতে পারে। বিলটি আইনে পরিণত হলে অন্যান্য সাংবিধানিক পদের ব্যক্তিদের অপসারণের ক্ষমতাও সংসদের কাছে ন্যস্ত হবে।
সংবিধান সংশোধন বিল গত বুধবার আইন মন্ত্রণালয় থেকে জাতীয় সংসদ সচিবালয়ে পাঠানো হয়েছে। সংসদ সচিবালয় সূত্র জানায়, আইনমন্ত্রী আনিসুল হক ৭ সেপ্টেম্বর (রোববার) বিলটি সংসদে উত্থাপনের ইচ্ছা প্রকাশ করেছেন। সে অনুযায়ী নোটিশ তৈরির কাজ চলছে।
সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, একজন বিচারক ৬৭ বছর পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। প্রমাণিত অসদাচরণ বা অসামর্থ্যের কারণে সংসদের মোট সদস্যসংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতার দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে রাষ্ট্রপতির আদেশে কোনো বিচারককে অপসারণ করা যাবে। বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করবে। এ ছাড়া কোনো বিচারক রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করতে পারবেন।
বাহাত্তরের সংবিধানে বিচারপতিদের সর্বোচ্চ বয়সসীমা ছিল ৬২ বছর। সংশোধনীতে তা ৬৭ বছর করা হয়েছে। আরও বলা হয়েছে, বিচারকদের অভিশংসনপদ্ধতি আইনের দ্বারা নির্ধারিত হবে। কিন্তু বর্তমানে সেই আইন নেই। এই আইন প্রণয়নের জন্য কোনো বিলও সংসদে পাঠানো হয়নি।
বিলটি পাস হলে মহাহিসাব নিরীক্ষক, প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার, সরকারি কর্মকমিশনের চেয়ারম্যান, সদস্যসহ অন্যান্য সাংবিধানিক পদের ব্যক্তিদের অপসারণের ক্ষমতাও সংসদের কাছে ন্যস্ত হবে।
আ.লীগের সংসদীয় দলের সভা রোববার: রোববার আওয়ামী লীগের সংসদীয় দলের জরুরি সভা ডাকা হয়েছে। সংসদ ভবনে অধিবেশন শেষে এই সভা হবে।