সংবিধান সংশোধন বিল সংসদে
সংবিধানের ষোড়শ সংশোধন বিল-২০১৪ গতকাল রোববার সংশোধিত আকারে সংসদে উত্থাপিত হয়েছে। বিলে বিচারকদের অপসারণের ক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল থেকে সংসদের কাছে ন্যস্ত করার প্রস্তাব করা হয়েছে।
মুদ্রিত বিলে ভুল থাকায় আইনমন্ত্রী আনিসুল হক তা সংশোধিত আকারে উত্থাপন করেন। উত্থাপনের পর বিলটি সাত দিনের মধ্যে পরীক্ষা-নিরীক্ষা করে প্রতিবেদন দেওয়ার জন্য তা আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে পাঠানো হয়।
বিলের প্রস্তাবনায় বলা হয়েছে, সামরিক শাসক অসাংবিধানিক পন্থায় ১৯৭২ সালের সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সামরিক ফরমানের (সংবিধানের পঞ্চম সংশোধনী) দ্বারা সুপ্রিম কোর্টের কোনো বিচারককে অসদাচরণ বা অসামর্থের অভিযোগে অপসারণের ক্ষমতা জাতীয় সংসদের পরিবর্তে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ন্যস্ত করে।
সংসদ সচিবালয় সূত্র জানায়, ছাপা হওয়া বিলের ভুল গতকাল সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের নজরে পড়ে। বাস্তবে পঞ্চম সংশোধনীর মাধ্যমে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের কাছ থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ন্যস্ত করা হয়নি। আওয়ামী লীগ সরকারের আমলে ১৯৭৫ সালে চতুর্থ সংশোধনীর মাধ্যমে বিচারকদের অপসারণের ক্ষমতা সংসদের কাছ থেকে রাষ্ট্রপতির কাছে ন্যস্ত করা হয়। পঞ্চম সংশোধনীর মাধ্যমে রাষ্ট্রপতির কাছ থেকে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ন্যস্ত করা হয়। যে কারণে আইনমন্ত্রী বিলের প্রস্তাবনার ‘১৯৭২ সনের’ এবং ‘জাতীয় সংসদের পরিবর্তে’ শব্দগুচ্ছ বাদ দিয়ে প্রস্তাবনা অংশটুকু পড়ে শোনান।
৩১ আগস্ট বিরোধী দল জাতীয় পার্টির সংসদীয় দলের বৈঠক শেষে দলের নেতারা সংবিধান সংশোধন বিলের বিরোধিতা করবেন বলে জানালেও গতকাল তাদের পক্ষ থেকে কোনো আপত্তি উত্থাপন করা হয়নি।
বিলে সংবিধানের ৯৬ অনুচ্ছেদ সংশোধনের প্রস্তাবে বলা হয়েছে, একজন বিচারক সাতষট্টি বৎসর পূর্ণ হওয়া পর্যন্ত স্বীয় পদে বহাল থাকবেন। প্রমাণিত অসদাচরণ বা অসামর্থে৵র কারণে সংসদের মোট সদস্যসংখ্যার অন্যূন দুই-তৃতীয়াংশ গরিষ্ঠতা দ্বারা সমর্থিত সংসদের প্রস্তাবক্রমে রাষ্ট্রপতির আদেশে কোনো বিচারককে অপসারণ করা যাবে। বিচারকের অসদাচরণ বা অসামর্থ্য সম্পর্কে তদন্ত ও প্রমাণের পদ্ধতি সংসদ আইনের দ্বারা নিয়ন্ত্রণ করবে। এ ছাড়া কোনো বিচারক রাষ্ট্রপতিকে উদ্দেশ করে স্বাক্ষরযুক্ত পত্রযোগে স্বীয় পদ ত্যাগ করতে পারবেন।
বিলের উদ্দেশ্য ও কারণ সম্পর্কে আইনমন্ত্রী বলেন, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও স্পিকারকে যথাক্রমে অভিশংসন, পদত্যাগ ও অপসারণ সম্পর্কিত ১৯৭২ সালের বিধান অপরিবর্তিত থাকলেও বিচারকের অপসারণেরÿক্ষমতা সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের কাছে ন্যস্ত, যা সংবিধানের ৯৭ অনুচ্ছেদের চেতনার পরিপন্থী। জনগণের নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা গঠিত সংসদে রাষ্ট্রের অন্যান্য অঙ্গের মতো উচ্চ আদালতের বিচারকদের জবাবদিহির নীতি বিশ্বের অধিকাংশ গণতান্ত্রিক রাষ্ট্রে বিদ্যমান আছে। বিলটি আইনে পরিণত হলে স্বাধীন বিচার বিভাগের প্রতি জনগণের আস্থা বৃদ্ধির পাশাপাশি নির্বাচিত জনপ্রতিনিধির কাছে বিচার বিভাগের জবাবহদিহি থাকাসংক্রান্ত সংবিধানের মৌলিক কাঠামো সমুন্নত থাকবে।