সংবিধান সংশোধন বিষয়ে বিশেষ কমিটির সঙ্গে বৈঠকে অংশ নিয়ে মতামত দিতে বিএনপির চেয়ারপারসন ও বিরোধীদলীয় নেতাকে চিঠি পাঠানো সরকারের একটা তামাশা। এটা আইওয়াশ (লোক দেখানো) কাজ ছাড়া আর কিছুই না।গতকাল শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে বিরোধীদলীয় চিফ হুইপ জয়নুল আবদিন ফারুক এ কথা বলেন। ‘পার্বত্য চট্টগ্রামে সহিংসতা, বিপন্ন আঞ্চলিক অখণ্ডতা ও অসাংবিধানিক শান্তিচুক্তি’ বাতিলের দাবিতে যুব জাগপা এ মানববন্ধনের আয়োজন করে।বিরোধীদলীয় চিফ হুইপ বলেন, সংবিধান সংশোধন করতে হলে গণভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে করতে হবে। যদি তা না করা হয়, এ সংশোধন জনগণ মানবে না, বিএনপিও মানবে না। সরকারের একতরফা সংশোধনীর বিরুদ্ধে খালেদা জিয়ার নেতৃত্বে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে। তিনি বলেন, ‘সরকার সংবিধান কাটছাঁট করে মতামত নেওয়ার জন্য বিরোধী দলকে চিঠি দিয়েছে। এটা সরকারের একটা আইওয়াশ।’জয়নুল আবদিন ফারুক অভিযোগ করেন, প্রতিবেশী দেশের ইন্ধনে পার্বত্য চট্টগ্রামে সহিংসতা ছড়ানো হচ্ছে। তিনি জাতীয় সংসদে পার্বত্য চুক্তি নিয়ে আলোচনার দাবি জানান।মানববন্ধনে জাগপার সভাপতি শফিউল আলম প্রধান, সাধারণ সম্পাদক খন্দকার লুৎফর রহমান, যুব জাগপার সভাপতি বেলায়েত হোসেন প্রমুখ বক্তব্য দেন।