সংবিধান সংশোধনী বিল পাস করতে আ.লীগ সর্বসম্মত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিচারপতিদের অভিশংসনের ক্ষমতা জাতীয় সংসদের কাছে ফিরিয়ে আনা-সংক্রান্ত সংবিধানের ষোড়শ সংশোধনী বিল পাস করার বিষয়ে সর্বসম্মতভাবে একমত হয়েছে আওয়ামী লীগের সংসদীয় দল।
সংসদ ভবনে সরকারি দলের সম্মেলনকক্ষে গতকাল রোববার রাতে আওয়ামী লীগের সংসদীয় দলের সভায় এ একমত পোষণ করা হয়।
বৈঠক শেষে সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ সাংবাদিকদের বলেন, সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের মাধ্যমে বিচারপতিদের অপসারণের বিষয়টি সংবিধানের চেতনার পরিপন্থী। তাই এটি সংশোধনের জন্য আনা বিল পাস করার বিষয়ে আওয়ামী লীগের সংসদীয় দল সর্বসম্মতভাবে একমত হয়েছে। সংসদের চলতি অধিবেশনেই বিলটি পাস হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
বিলটির বিষয়ে প্রধানমন্ত্রী কোনো নির্দেশনা দিয়েছেন কি না, এমন প্রশ্নে চিফ হুইপ বলেন, প্রধানমন্ত্রী বলেছেন, আগে তিনজন মিলে বিচারপতিদের অপসারণ করতে পারতেন। সংসদের কাছে ফিরে এলে দুই-তৃতীয়াংশের ভোটে তা করতে হবে, যা সংখ্যায় ২৩৪ জন। অথচ রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী ও জাতীয় সংসদের স্পিকারকে অপসারণ করা যায় একক সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে। বিচারপতিদের অপসারণ আরও কঠিন ব্যাপার। তিনি বলেন, প্রধানমন্ত্রী এ বিলের সমালোচনার বিষয়ে জনগণকে সচেতন করার নির্দেশ দিয়েছেন দলীয় সাংসদদের। প্রধানমন্ত্রী বলেছেন, যাঁরা সমালোচনা করছেন, তাঁরা নতুন নন, সব সময় সমালোচনা করেন।
আ স ম ফিরোজ আরও বলেন, ড. কামাল হোসেন ও আইনজীবী আমীর-উল ইসলামসহ যাঁরা সমালোচনা করছেন, তাঁরাই ১৯৭২ সালে বিচারপতিদের অপসারণের ক্ষমতা সংসদের ওপর রেখে সংবিধান প্রণয়ন করেছিলেন। এখনকার সংসদ যেন ’৭২-এর ধারায় ফিরে না যেতে পারে, এটাই সমালোচকদের চাওয়া। তিনি বলেন, সমালোচকদের যুক্তি হচ্ছে এই সংসদ সাংবিধানিকভাবে হয়নি। এই সংসদের কিছু সাংসদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হলেও জনগণের সমর্থন নিয়ে সাংবিধানিকভাবে এ সংসদ তৈরি হয়েছে। তাই যেকোনো সংশোধনী আনার ক্ষমতা রয়েছে।
সংসদীয় দলের সভা: সভায় উপস্থিত অন্তত পাঁচজন সাংসদের সঙ্গে কথা বলে জানা গেছে, সভায় আওয়ামী লীগের সাংসদদের প্রায় সবাই ড. কামাল হোসেনের সমালোচনা করেন। অনেকে আমীর-উল ইসলামেরও সমালোচনা করেন।
সূত্র জানায়, বৈঠকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য তোফায়েল আহমেদ বলেছেন, ড. কামাল বঙ্গবন্ধুর ছেড়ে দেওয়া আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়ে ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন করেছিলেন। তিনিই এখন বর্তমান সংসদের মাধ্যমে সংশোধনের বিরোধিতা করছেন। তখন পারলে এখন সমস্যা কেন? তিনি আইনমন্ত্রী আনিসুল হককে অনুরোধ করেন, যাতে ১৯৭২ সালে বিচারপতিদের অভিশংসন-সংক্রান্ত ধারার বিষয়ে সংসদে কী বক্তৃতা করেছিলেন, তা বের করে জনগণকে জানাতে।
ড. কামাল হোসেনের কথা উল্লেখ করে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘তাঁর কষ্টটা কোথায় বুঝি। বঙ্গবন্ধু এত দাম দিত, তাঁর মেয়ে পাত্তা দেয় না।’
এ সময় প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে সংশোধনী আছে। আমি পাত্তা দিই না, এটা ঠিক না। কারণ, আমি নিজে প্রেসিডেন্ট পদে না দাঁড়িয়ে কামাল হোসেনকে দাঁড় করিয়েছিলাম।’
বৈঠকে আরও বক্তৃতা করেন আমির হোসেন আমু, শেখ ফজলুল করিম সেলিম, আবদুল মতিন খসরু, হাছান মাহমুদ, শেখ ফজলে নূর তাপস প্রমুখ।