সংবিধানের সর্বশেষ সংশোধনীর প্রতিবাদে অনশন কর্মসূচি পালন করেছেন ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা-কর্মীরা। বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ এবং বাংলাদেশ আদিবাসী ফোরাম যৌথভাবে গতকাল শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচির আয়োজন করে। সকাল আটটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত চলা এই কর্মসূচিতে ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু সম্প্রদায়ের নেতা-কর্মী ছাড়াও বেশ কিছু শিক্ষার্থী অংশ নেন। কর্মসূচিতে অংশগ্রহণকারীরা জানান, সংবিধান সংশোধন করা হলেও তাতে আদিবাসীদের আদিবাসী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি। সর্বশেষ সংশোধনী মুক্তিযুদ্ধের চেতনাবিরোধী, ধর্মাশ্রয়ী এবং ধর্মীয় বিভাজনমূলক বলে তাঁরা উল্লেখ করেন। কর্মসূচি আয়োজনকারীরা বলেন, সংখ্যালঘুদের স্বার্থবিরোধী অর্পিত সম্পত্তি প্রত্যর্পণ (সংশোধনী) আইন চাপিয়ে দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে সরকার। তাঁরা সংবিধানের বিভাজনমূলক সব ধারা বাতিলের দাবি জানান। দুই সংগঠনের নেতা-কর্মীদের দবির প্রতি সমর্থন জানিয়ে শহীদ মিনারে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধিরা উপস্থিত হন।