সংবিধান সংশোধনে শুধু বিশেষ কমিটিই যথেষ্ট নয়, এ জন্য সব দল-মতের প্রতিনিধি ও সংবিধান বিশেষজ্ঞদের নিয়ে সংবিধান সংস্কার কমিশন গঠন করা উচিত। গতকাল শুক্রবার রাজধানীর মহানগর নাট্যমঞ্চে ‘এ মুহূর্তের বাংলাদেশ: সময়ের ভাবনা’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এ কথা বলেন। স্বাধীন বাংলা কালচারাল ফাউন্ডেশনের ব্যবস্থাপনায় ‘গড়ব বাংলাদেশ’ নামের একটি সংগঠন এ আলোচনা সভার আয়োজন করে।অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিকল্পধারা বাংলাদেশের সভাপতি ও সাবেক রাষ্ট্রপতি বদরুদ্দোজা চৌধুরী বলেন, অতীতে সামরিক সরকার ক্ষমতায় গিয়ে সংবিধান সংশোধন করেছে। ভবিষ্যতে সামরিক সরকার ক্ষমতায় গিয়ে সেই ক্ষমতা টিকিয়ে রাখতে পুরো সংবিধানই যেন বাতিল করতে না পারে, সে দিক বিবেচনায় নিয়েই সরকারকে সংবিধান সংশোধন করতে হবে। অনুষ্ঠানের সভাপতি গড়ব বাংলাদেশের আহ্বায়ক শাহেদা ওবায়েদ বলেন, বিএনপি এখন পাকিস্তানপন্থী রাজাকারদের ক্লাবে পরিণত হয়েছে। তিনি বলেন, দেশে জনগণের জন্য কোনো রাজনীতি নেই। বিএনপি রাজনীতি করে আওয়ামী লীগের বিরুদ্ধে, আর আওয়ামী লীগের রাজনীতি বিএনপির বিরুদ্ধে। অনুষ্ঠানে জাতীয় সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক, সাবেক সাংসদ হুমায়ুন আকবর ও মোহাম্মদ দেলোয়ার হোসেন, সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত, জাতীয় পার্টি-জেপির অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, জাতীয় নাগরিক মঞ্চের সভাপতি খন্দকার ফরিদুল আকবর প্রমুখ বক্তব্য দেন।