আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠার জন্য সরকার একটি সংবিধান কমিশন গঠনের উদ্যোগ নিয়েছে। এই কমিশনে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ দলের সভাপতিমণ্ডলীর সদস্য এবং সংসদে প্রতিনিধিত্বকারী মহাজোটের শরিক দলের শীর্ষ নেতারা থাকবেন। গতকাল শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে বঙ্গবন্ধু একাডেমী আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে (সুরঞ্জিত) এই কমিশন গঠনের দায়িত্ব দিয়েছেন। শিগগিরই এ কমিটি গঠন করে কাজ শুরু করা হবে। এ কমিশনই বাহাত্তরের সংবিধান পুনঃপ্রতিষ্ঠা করবে। সুরঞ্জিত বলেন, ‘আমরা তিন-চতুর্থাংশ আসন নিয়ে সংসদে এসেছি। সংখ্যাগরিষ্ঠতার মাধ্যমেই বাহাত্তরের সংবিধানে ফিরে যেতে পারি। আর এর মাধ্যমেই নিষিদ্ধ সংগঠন জেএমবির অর্থ ও অস্ত্রের জোগানদাতা জামায়াতে ইসলামীর রাজনীতি নিষিদ্ধ হবে।’যুদ্ধাপরাধের বিচার নিয়ে বিরোধীদলীয় নেতাদের বক্তব্য সম্পর্কে সুরঞ্জিত বলেন, ‘অসাংবিধানিক পথের রাজনীতিতে অভ্যস্ত হওয়ার কারণে খোন্দকার দেলোয়ার হোসেন ও মওদুদ আহমদের মতো রাজনীতিকেরা ১৯৭২ সালের সংবিধান ও যুদ্ধাপরাধের বিচারের বিরোধিতা করছেন।সুরঞ্জিত আরও বলেন, দেশের আইন মেনে যে কেউ গণতান্ত্রিক অধিকারবলে রাজনীতি করতে পারেন। তবে প্রকাশ্যে গণতন্ত্র আর গোপনে জঙ্গিবাদের কথা বলে কেউ রাজনীতি করতে পারবেন না। যুদ্ধাপরাধ বিচারের অগ্রগতিতে জনগণ সন্তুষ্ট নয় বলে মন্তব্য করে সুরঞ্জিত বলেন, সরকারের মন্ত্রী মহোদয়রা যত কম কথা বলবেন, সরকার তত বেশি অঙ্গীকার পালন করতে পারবে। এমনকি যুদ্ধাপরাধীদের বিচারও সহজ হয়ে যাবে। দ্রুততম সময়ে এবং গ্রহণযোগ্য মান বজায় রেখে যুদ্ধপরাধের বিচারের জন্য আইনজীবী প্যানেলে আরও যোগ্য ও ন্যায়নিষ্ঠ লোক প্রয়োজন আছে বলেও তিনি জানান। বঙ্গবন্ধু একাডেমীর সভাপতি হেমায়েত উদ্দীনের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কৃষক লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম এ করিম ও মহানগর আওয়ামী লীগের স্বাস্থ্যবিষয়ক সম্পাদক দিলীপ রায়।