সংবিধান সংশোধনে খসড়া প্রতিবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাষ্ট্রের যেকোনো অস্থিরতা বা সংকট সাংবিধানিকভাবেই মোকাবিলা করতে হবে। রাষ্ট্রের কোনো সংকটের কথা বলে এর ব্যত্যয় করা যাবে না। আর সংবিধানে সামরিক আইন বলে কোনো আইন নেই। নেই কোনো সামরিক শাসকের পদ। তাই কেউ রাষ্ট্রের সংকটের কথা বলে সামরিক শাসন জারি করলে তিনি রাষ্ট্রদ্রোহের অপরাধে অভিযুক্ত হবেন।সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি পঞ্চম সংশোধনী বাতিলসংক্রান্ত সর্বোচ্চ আদালতের রায় ও নির্দেশনার আলোকে সংবিধানের সংগতি-অসংগতি পর্যালোচনা করে একটি খসড়া প্রতিবেদন তৈরি করেছে বলে জানা গেছে। প্রতিবেদনটি আইন মন্ত্রণালয় ও আইন কমিশনের কাছে পাঠানো হয়েছে। এর ওপর মতামত দিয়ে আগামী রোববার সংসদের বিশেষ কমিটির সভায় এটি উপস্থাপন করা হবে। ওই দিন বেলা সাড়ে তিনটায় কমিটির সভা বসবে।উচ্চ আদালতের রায় ও নির্দেশনার আলোকে গতকাল বৃহস্পতিবার বিশেষ কমিটির চেয়ারপারসন সৈয়দা সাজেদা চৌধুরী ও কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত আইন মন্ত্রণালয় এবং আইন কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন। সভায় সংসদ সচিবালয় থেকে তৈরি করা এ-সংক্রান্ত খসড়া উপস্থাপন করা হয়। তবে আইন মন্ত্রণালয় কিংবা আইন কমিশন থেকে কোনো প্রস্তাব সভায় দেওয়া হয়নি। সংসদ উপনেতার কার্যালয়ে অনুষ্ঠিত এ সভায় উপস্থিত ছিলেন আইনমন্ত্রী শফিক আহমেদ, আইন কমিশনের চেয়ারম্যানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। কমিটির সদস্যসচিব সংসদ সচিবালয়ের যুগ্ম সচিব মোহাম্মদ হোসেনকে খসড়াটি আরও পরীক্ষা-নিরীক্ষা করে রোববারের সভায় উপস্থাপন করতে বলা হয়েছে।জানা গেছে, সামরিক আইন জারির মাধ্যমে অবৈধভাবে রাষ্ট্রীয় ক্ষমতা দখলের পথ কীভাবে স্থায়ীভাবে বন্ধ করা যায় এবং এ ক্ষেত্রে সংবিধানে কী অনুচ্ছেদ যুক্ত করা যায়, তা নিয়ে আলোচনা হয়েছে। এ ব্যাপারে রায়ে থাকা নির্দেশনাকে সংবিধানে জোরালোভাবে অন্তর্ভুক্ত করার পক্ষে মত দেওয়া হয়। অবৈধ ক্ষমতা দখলকারীদের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের অভিযোগে মৃত্যুদণ্ড দেওয়ার বিষয়েও আলোচনা করা হয়।খসড়ায় আদালতের দেওয়া ২২টি পর্যবেক্ষণের বেশ কিছু বিষয় গুরুত্বের সঙ্গে সংবিধানে অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। এসব পর্যবেক্ষণ অনুসারে যা কিছু করতে হবে, তা অবশ্যই সংবিধান অনুযায়ী হতে হবে।বৈঠক শেষে এসব বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি কমিটির চেয়ারপারসনসহ অন্য সদস্যরা। তবে সুরঞ্জিত সেনগুপ্ত সাংবাদিকদের বলেছেন, সংসদ সচিবালয় থেকে এ-সংক্রান্ত খসড়া তৈরি করে আইন মন্ত্রণালয় ও কমিশনকে দেওয়া হয়েছে। তারা রোববার এর ওপর তাদের মতামত নিয়ে আসবে।