সময়ের প্রয়োজনে ও যুগের চাহিদা মেটাতে সংবিধান সংশোধন করা দরকার। অতীতে সংবিধানের বেশির ভাগ সংশোধনী করা হয়েছে ক্ষমতা দখলকারী স্বৈরশাসক, রাষ্ট্রপ্রধান, কিংবা রাজনৈতিক দলগুলোর নিজেদের স্বার্থ রক্ষার জন্য। সংবিধান সংশোধনীতে সরাসরি জনগণের মতামতের প্রতিফলন ঘটানো উচিত। প্রয়োজনে সংবিধান সংশোধনের প্রক্রিয়ায়ও পরিবর্তন করা যেতে পারে।প্রথম আলো-এমজিবিএসডিসি (মতিঝিল গভর্নমেন্ট বয়েজ হাইস্কুল ডিবেটিং ক্লাব) বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালার তৃতীয় দিনে গতকাল শুক্রবার বিতার্কিকেরা এ বিষয় নিয়ে তর্কযুদ্ধ করেছেন। মতিঝিল সরকারি বালক উচ্চবিদ্যালয়ে এই বিতর্ক ও কর্মশালা চলছে। গতকাল ক্লাব পর্যায়ে বিতর্কের প্রথম পর্বে ‘সংবিধান সংশোধন প্রক্রিয়া গণতন্ত্রের অগ্রযাত্রার পথে একটি অন্তরায়’ ও ‘একটি বুর্জুয়া শ্রেণীর বিকাশ ব্যতীত বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়’ এবং দ্বিতীয় পর্বে ‘গণতন্ত্র হচ্ছে সংখ্যাগরিষ্ঠের স্বৈরশাসন’ বিষয়ে বিতর্ক হয়। আজ শনিবার ক্লাব বিতর্কের সেমিফাইনাল ও ফাইনাল পর্ব এবং বারোয়ারি বিতর্ক হবে।বিতার্কিকেরা বলেন, ‘সংবিধান সংশোধন প্রক্রিয়াটি যদি কোনো রাজনৈতিক দল কিংবা ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থ রক্ষায় করা হয়, সেটি হবে গণতন্ত্রের বৈশিষ্ট্যবিরোধী। সংসদে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠের জোরে নিজেদের স্বার্থ রক্ষার্থে বিরোধী দলের মত উপেক্ষা করে যদি সংবিধান সংশোধন করা হয়, তবে তা হবে জনস্বার্থবিরোধী। সুষ্ঠু গণতান্ত্রিক চর্চার জন্য চাই রাজনৈতিক দলগুলোর পারস্পরিক আস্থা ও সমঝোতা।’বিতর্ক প্রতিযোগিতা ও কর্মশালার মূল প্রতিপাদ্য হলো: ‘মধ্যপ্রাচ্য পরিস্থিতি ও গণতন্ত্রের ভবিষ্যৎ’। গণমাধ্যম-সহযোগী হিসেবে আছে এবিসি রেডিও ও দেশ টিভি। অনলাইন সহযোগিতায় .িঢ়ৎড়ঃযড়স-ধষড়.পড়স।আগামী সোমবার স্কুল-পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার প্রদান অনুষ্ঠানের মধ্যমে এই প্রতিযোগিতা শেষ হবে।