সংবিধান সংশোধনে চূড়ান্ত খসড়া প্রণয়নের কাজ শুরু হয়েছে। সংসদের আগামী অধিবেশনের প্রথম ভাগেই বিশেষ কমিটি সংবিধান সংশোধন-সম্পর্কিত প্রতিবেদন সংসদে উপস্থাপন করবে।গতকাল সংসদ ভবনে সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। কমিটির চেয়ারপারসন সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিরোধীদলীয় নেতা বেগম খালেদা জিয়াকে বিশেষ কমিটিতে মতামত দেওয়ার জন্য আবারও আহ্বান জানানো হয়। সভায় সিদ্ধান্ত নেওয়া হয়, ইতিমধ্যে বিভিন্ন রাজনৈতিক দল এবং বিভিন্ন শ্রেণী-পেশার বিশিষ্টজনদের দেওয়া পরামর্শকে গুরুত্ব দিয়ে প্রস্তাবনার খসড়া চূড়ান্ত করা হবে। কমিটির কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্তকে বিশেষ কমিটি এ প্রস্তাবনা তৈরির দায়িত্ব দিয়েছে। খসড়া প্রস্তাবনা তৈরির পর কমিটি তা নিয়ে বৈঠক করবে এবং খসড়াটি চূড়ান্ত করে সংসদের অধিবেশনে উপস্থাপন করা হবে। গত বছর ২১ জুলাই সংসদে সংবিধান সংশোধনে বিশেষ কমিটি করা হয়।সভায় কমিটির কো-চেয়ারপারসন সুরঞ্জিত সেনগুপ্ত, সদস্য আমির হোসেন, তোফায়েল আহমেদ, শেখ ফজলুল করিম, মো. রহমত আলী, মো. ফজলে রাব্বী মিয়া, রাশেদ খান মেনন, আবদুল মতিন খসরু, হাসানুল হক ইনু, আনিসুল ইসলাম মাহমুদ ও মোহাম্মদ হাছান মাহমুদ অংশ নেন। বিশেষ আমন্ত্রণে আইনমন্ত্রী শফিক আহমেদও সভায় যোগ দেন।বৈঠক শেষে কমিটির সদস্য হাসানুল হক ইনু বলেন, কমিটি কয়েক মাস ধরে বিভিন্ন রাজনৈতিক দল, আইনজ্ঞ, সুশীল সমাজ, সম্পাদকসহ বিভিন্ন স্তরের মানুষের মতামত নিয়েছে। দীর্ঘ আলোচনায় অনেক পরামর্শ ও প্রস্তাব এসেছে। কমিটি এগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। বৈঠক শেষে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, সংসদে প্রতিবেদন পেশের পর কমিটির আর কোনো কাজ থাকবে না। স্পিকারই পরবর্তী সিদ্ধান্ত নেবেন। অবশ্য প্রতিবেদন পেশের আগে আরেকটি বৈঠক করবে কমিটি। ইতিমধ্যে সংবিধান সংশোধনের প্রস্তাবনা তৈরির কাজ অনেকটা এগিয়ে গেছে।বিভিন্ন রাজনৈতিক দলসহ বিশিষ্টজনদের দেওয়া মতামত প্রসঙ্গে সুরঞ্জিত বলেন, ‘এসব আলোচনায় আমরা অনেক উপকৃত হয়েছি। তবে সমুদ্র মন্থনে শুধু অমৃতই উঠেছে, এটা ঠিক নয়। কিছু বিষও এসেছে।’ তিনি বলেন, ‘সংসদ ভেঙে গণপরিষদ গঠন, গণভোটের কথাও উঠে এসেছে। কিন্তু স্পষ্ট করে বলা প্রয়োজন, সংবিধানের ১৪২ অনুচ্ছেদ অনুযায়ী শুধু একটি সংশোধনীর জন্য এ কমিটি করা হয়েছে। সংবিধানের মৌল কাঠামো পরিবর্তনের কোনো অধিকার আমাদের নেই। তাই এখানে গণপরিষদ গঠন বা গণভোটের দাবি তোলা অবান্তর।’ বিশেষ কমিটিতে সদস্য না দেওয়া ও কমিটির আহ্বানে মতামত না দেওয়ার পাশাপাশি সংবিধান নিয়ে নতুন নতুন দাবি তোলায় বিএনপির সমালোচনা করে সুরঞ্জিত বলেন, এরপরও বিরোধীদলীয় নেত্রী তাঁর মত দিতে পারেন বা সংসদে আলোচনা করতে পারেন।