সংবিধান সংশোধনে জামায়াতের তিনটি বিকল্প প্রস্তাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধন করতে সরকারকে তিনটি বিকল্প প্রস্তাব দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।এক. সংসদ ভেঙে দিয়ে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি বা গণপরিষদ গঠন করে জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী সংবিধান রচনা করা।দুই. জাতীয় সংসদে প্রতিনিধিত্বকারী সব রাজনৈতিক দল, সংবিধান বিশেষজ্ঞ, বুদ্ধিজীবী, ওলামা মাশায়েখ—সবার ঐকমত্যের ভিত্তিতে সংবিধান সংশোধন করা।তিন. সংবিধানের ১৪২ (১ক) (১) অনুচ্ছেদ মোতাবেক সংবিধানের প্রস্তাবনা, ৮ অনুচ্ছেদ অথবা এই অনুচ্ছেদের কোনো বিধানাবলি সংশোধনীর জন্য গণভোটের মাধ্যমে জনগণের মতামত গ্রহণ করা।গতকাল দুপুরে রাজধানীর বড় মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে দলের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল এ টি এম আজহারুল ইসলাম এপ্রস্তাব দেন। জাতীয় সংসদে উত্থাপিত প্রস্তাবিত সংবিধান সংশোধন বিলের বিভিন্ন অসংগতি ও দলের মতামত জানাতে এ সংবাদ সম্মেলন ডাকা হয়।অবশ্য লিখিত বক্তব্যে এ টি এম আজহার বলেন, মহাজোটের নির্বাচনী ইশতেহারে সংবিধান সংশোধনের প্রতিশ্রুতি ছিল না। সুতরাং, সংসদে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোটের সংবিধান সংশোধন করার কোনো এখতিয়ার নেই। সংবাদ সম্মেলনে আজহার দাবি করেন, বাহাত্তরের সংবিধানে ধর্মনিরপেক্ষতা ও সমাজতন্ত্রকে রাষ্ট্র পরিচালনার মূলনীতি হিসেবে ঘোষণা করা হয়। কিন্তু সুপ্রিম কোর্ট পঞ্চম সংশোধনী-সংক্রান্ত রায়ে এ মূলনীতিকে সংবিধানের অন্যতম মৌলিক কাঠামো বলে বিবেচনা করে ভুল করেছেন।আজহার আরও দাবি করেন, সুপ্রিম কোর্ট তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা-সংক্রান্ত সংবিধানের ত্রয়োদশ সংশোধনীকে অসাংবিধানিক ঘোষণা করেছেন। আবার তাঁরাই পরপর দুটি নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার পক্ষে মত দেন। জামায়াত মনে করে, এটিও সুপ্রিম কোর্টের একটি ভুল রায়। আজহার বলেন, আদালতের এ স্ববিরোধী রায়কে আওয়ামী লীগ নিজের সুবিধামতো ব্যবহার করার অপচেষ্টা চালাচ্ছে।জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি দাবি করেন, প্রস্তাবিত সংবিধান সংশোধন বিলের ১২তম অনুচ্ছেদ ১ ও ৩ নম্বর অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। ১ নম্বর অনুচ্ছেদে সংবিধানের শুরুতে বিসমিল্লাহ... ও ৩ নম্বর অনুচ্ছেদে ইসলামকে রাষ্ট্রধর্ম রাখার প্রস্তাব করা হয়েছে। অথচ ১২ অনুচ্ছেদে ধর্মনিরপেক্ষতা নিশ্চিত করতে ‘রাষ্ট্র কর্তৃক কোনো ধর্মকে রাজনৈতিক মর্যাদা দান না করা’র প্রস্তাব করা হয়েছে। জামায়াত এ অসামঞ্জস্যপূর্ণ অনুচ্ছেদের বিলুপ্তি চায়।আজহার তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বহাল ও মুসলিম দেশের সঙ্গে সম্পর্ক সংহতকরণ-সংক্রান্ত ২৫(২) অনুচ্ছেদ বহাল রাখার দাবি জানান।