সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত এক গোলটেবিল আলোচনায় বক্তারা বলেছেন, সংবিধান সংশোধনে নাগরিকদের মতামত নেওয়া প্রয়োজন। সংবিধান সংশোধনের লক্ষ্যে গঠিত বিশেষ সংসদীয় কমিটি এ ব্যাপারে উদ্যোগ নিতে পারে। সংবিধানে জনস্বার্থবিরোধী যা রয়েছে, তা অবশ্যই বাদ দেওয়া প্রয়োজন।গতকাল বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘সংবিধান সংশোধনে নাগরিক ভাবনা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় বক্তারা এসব কথা বলেন। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সংগঠনের সম্পাদক বদিউল আলম মজুমদার।সুজনের সভাপতি মোজাফ্ফর আহমদ বলেন, সংবিধান সংশোধনে এরই মধ্যে একটি সংসদীয় কমিটি গঠিত হয়েছে। পঞ্চম সংশোধনী বাতিল-সংক্রান্ত আদালতের রায় নিয়েও আলোচনা হচ্ছে। এসব নিয়ে বিতর্কে না জড়িয়ে নাগরিকদের সুস্পষ্ট মতামত নেওয়া প্রয়োজন। এ নিয়ে ব্যাপক আলোচনা করে সংবিধান সংশোধনে সিদ্ধান্ত নেওয়া উচিত।তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা সুলতানা কামাল বলেন, সংবিধান সংশোধনের এ উদ্যোগে আলোচনার দ্বার উন্মোচিত হয়েছে। সংবিধানে জনস্বার্থবিরোধী যা কিছু রয়েছে, আলোচনার মাধ্যমেই তা দূর করতে হবে। তিনি এ ক্ষেত্রে নাগরিকদের মতামত নেওয়ার আহ্বান জানান।মূল প্রবন্ধে বলা হয়, সংবিধান সংশোধনে গঠিত সংসদীয় কমিটিতে বিরোধী দলের প্রতিনিধিত্ব নিশ্চিতকরণ এবং কমিটির কার্যপরিধি সুনির্দিষ্ট করা প্রয়োজন। একই সঙ্গে কমিটির কাজের সময়সীমা নির্ধারণ এবং বর্তমান কমিটির পাশাপাশি একটি বিশেষজ্ঞ কমিটি বা কমিশন গঠন করা দরকার।সৈয়দ আবুল মকসুদ পঞ্চম সংশোধনী-সংক্রান্ত আদালতের রায়কে ইতিহাসের সবচেয়ে বড় গোঁজামিল বলে অভিহিত করেছেন। তিনি সংবিধান বিশেষজ্ঞ বলে খ্যাত অনেকের এ সংক্রান্ত বক্তব্যকে বুদ্ধিবৃত্তিক অসততা বলে আখ্যায়িত করেন।অধ্যাপক মনিরুজ্জামান মিঞা বলেন, ব্যক্তি না হলেও রাষ্ট্র অবশ্যই ধর্মনিরপেক্ষ হতে পারে। বিচার বিভাগকে নিরপেক্ষ করার পদ্ধতি উদ্ভাবন করা প্রয়োজন বলে তিনি মন্তব্য করেন।এম হাফিজ উদ্দিন খান একটি কমিশন গঠনের মাধ্যমে সংবিধান বিশেষজ্ঞদের সংবিধান সংশোধন-প্রক্রিয়ার সঙ্গে সম্পৃক্ত এবং সংসদকে কার্যকর করতে যথাযথ পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান।অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সৈয়দ আনোয়ার হোসেন, দিলারা চৌধুরী, আসিফ নজরুল, ইনাম আহমেদ চৌধুরী, আ স ম আব্দুর রব, মাহমুদুর রহমান, সাংবাদিক মিজানুর রহমান খান, রুহিন হোসেন, আবদুল লতিফ মণ্ডল প্রমুখ। তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা এ এস এম শাহজাহান অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।