সংবিধান সংশোধনের কাজে জনগণকে সম্পৃক্ত করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধন কাজে দেশের জনগণকে সম্পৃক্ত করতে হবে। একই সঙ্গে বিশেষজ্ঞদের মতামত নিতে হবে। এটি না করে সংবিধান সংশোধন করা হলে জনমনে প্রশ্ন দেখা দেবে। গতকাল রোববার জাতীয় প্রেসক্লাবে সুশাসনের জন্য নাগরিক (সুজন) আয়োজিত গোলটেবিল আলোচনায় এ কথা বলেছেন রাজনীতিক ও আইনজ্ঞ ড. কামাল হোসেন। ‘সংবিধান সংশোধন: প্রাসঙ্গিক ভাবনা ও নাগরিক উদ্বেগ’ শীর্ষক এই আলোচনায় গণফোরামের সভাপতি ও ১৯৭২ সালের সংবিধান প্রণয়ন কমিটির সভাপতি কামাল হোসেন বলেন, সংবিধান জনগণের সম্পদ। তাই এতে সংশোধনী আনতে হলে জনগণকে জানাতে হবে, তাদের মতামত নিতে হবে। ড. কামাল অভিমত দেন, সংবিধান সংশোধনে বিশেষজ্ঞদের মতামতও নেওয়া উচিত। তিনি বলেন, ‘এটি একটি পদ্ধতিগত বিষয়। বিশেষজ্ঞদের মতামত নিলে তাঁরা বলতে পারবেন সংবিধানের কোথায় ঘাটতি আছে।’ ঐকমত্য গড়ার কাজে প্রয়োজনে বিটিভির সহযোগিতা নেওয়া যেতে পারে বলে মত দেন তিনি।সংবিধান সংশোধন ও সাংবিধানিক বিষয়ে ব্যাখ্যা দেওয়ার জন্য একটি সংবিধান কমিশন গঠনের প্রয়োজন আছে বলে মনে করেন সুজনের সভাপতি অধ্যাপক মোজাফ্ফর আহমদ। তিনি বলেন, সংবিধান কোনো দল বা মহলকে ক্ষমতায়িত করার দলিল নয়। এ জন্যই সংবিধান সংশোধনের আগে সে বিষয়ে দেশের জনগণকে জানাতে হবে। সংবিধান প্রণয়ন কমিটির সদস্য আমীর-উল ইসলামও বলেন, জনমত গঠন না করে সংবিধান সংশোধন করা হলে তা গ্রহণযোগ্য হবে না। সংবিধান সংশোধনে দলীয় দৃষ্টিভঙ্গি অনুসরণের ব্যাপারে সতর্ক করে দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক মনিরুজ্জামান মিঞা। তিনি বলেন, ‘আমাদের সামনে সংবিধান সংশোধনের একটি ঐতিহাসিক সুযোগ তৈরি হয়েছে। এখন দলীয় বিবেচনায় সংবিধান সংশোধন করা হলে সেই সুযোগটি নষ্ট হবে। সে জন্য কাজটি করার আগে বিশেষজ্ঞদের মতামত নেওয়া উচিত।’সংবিধান সংশোধন কাজে সংবিধান প্রণয়ন কমিটির এখনো জীবিত সদস্যদের পরামর্শ নেওয়ার ওপর গুরুত্ব দেন সাবেক সাংসদ সরদার আমজাদ হোসেন। সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, সংবিধানের আমূল পরিবর্তনের চেষ্টা সরকারের এখতিয়ারবহির্ভূত। অধ্যাপক আসিফ নজরুল বলেন, ‘৪০ বছর ধরে বিভিন্ন দল ও গোষ্ঠীর স্বার্থে সংবিধানকে ক্ষতবিক্ষত করা হয়েছে। এবারও সে রকম আশঙ্কা করছি। কারণ, সংবিধান সংশোধন কমিটির সদস্যদের মধ্যে রিঅ্যাকটিভ মনোভাব লক্ষ করা যাচ্ছে।’ ‘সংবিধান সংশোধন: প্রাসঙ্গিক ভাবনা ও নাগরিক উদ্বেগ’ শীর্ষক প্রবন্ধে শাহ্দীন মালিক বলেন, গত ৪০ বছরে সংবিধান সংশোধনের যে ইতিহাস, তা স্বপ্ন ও আদর্শের বিচ্যুতির ইতিহাস। তিনি আরও বলেন, পুনর্মুদ্রিত সংবিধান ৫০০ কপি ছাপা হয়েছে। কিন্তু ছাপার পর মুদ্রিত সংবিধানটি গায়েব হয়ে গেছে এবং তা রাষ্ট্রের গোপন দলিলে পরিণত হয়েছে। এতে প্রমাণিত হয়, আইন মন্ত্রণালয় ভুল করেছে। আলোচনায় আরও বক্তব্য দেন সিপিবির নেতা রুহিন হোসেন, ছাত্রলীগের সাবেক নেতা সুভাষ সিংহ রায়, সুজনের নির্বাহী সদস্য জাকির হোসেন প্রমুখ।