সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটি অবৈধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান সংশোধনের জন্য গঠিত কমিটিকে অবৈধ বলেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী এম কে আনোয়ার। তিনি বলেন, সংবিধান নিয়ে মানুষের সঙ্গে এই সরকার ভাঁওতাবাজি করছে। ‘অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন: তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজনীয়তা’ শীর্ষক এক গোলটেবিল আলোচনায় প্রধান অতিথির বক্তব্যে এম কে আনোয়ার এসব কথা বলেন। গতকাল শনিবার জাতীয় প্রেসক্লাবে নাগরিক ফোরাম আয়োজিত ওই আলোচনা অনুষ্ঠানে বিএনপি, জামায়াত ও তাদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। খালেদা জিয়া যেন ভবিষ্যতে ক্ষমতায় আসতে পারেন সেই দোয়া করে মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানটি শুরু করা হয়। এম কে আনোয়ার বলেন, ১৯৭২ সালের সংবিধানে আওয়ামী লীগ কখনোই ফিরে যেতে পারবে না। আর পঞ্চম সংশোধনীও কোনো দিন কেউ বাতিল করতে পারবে না। সরকারের উদ্দেশ্যে এম কে আনোয়ার বলেন, যদি সংবিধান সংশোধন করতেই হয়, তাহলে জনগণের মতামত নিন। সাহস থাকলে গণভোট দিন।এম কে আনোয়ার বলেন, সংকটময় পরিস্থিতিতে দেশ চলছে। দেশে প্রতিদিনই নতুন নতুন সমস্যা তৈরি করছে বর্তমান সরকার। সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা জরুরি। কিন্তু বর্তমান সরকার ক্ষমতায় টিকে থাকতে ওই ব্যবস্থা বাতিল করতে চায়।এম কে আনোয়ার বলেন, সরকার বলছে, চালের বাম্পার ফলন হচ্ছে। অথচ চালের দাম কমছে না। বিদেশ থেকে চাল আনতে হচ্ছে। বাকি চাল কি তবে ভারতে যাচ্ছে?বিএনপির ভাইস চেয়ারম্যান হাফিজ উদ্দীন আহম্মেদ বলেন, ‘এতদিন পর তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা নিয়ে বিতর্কের কিছু নেই। সুষ্ঠু নির্বাচনের স্বার্থেই এটি দরকার। দলীয় নির্বাচন হলে পরিস্থিতি কেমন হতে পারে তার প্রমাণ ভোলার উপনির্বাচন। ছয়বার আমি সেখানে নির্বাচন করে জিতেছি। কিন্তু উপনির্বাচনে আমার কর্মীদের পিটিয়ে রক্তাক্ত করে আসনটি ছিনিয়ে নেওয়া হয়েছে।’ জামায়াতে ইসলামীর ঢাকা মহানগর আমির রফিকুল ইসলাম খান বলেন, তত্ত্বাবধায়ক সরকারের ভাবনা জামায়াতের। বর্তমান সরকার বুঝতে পারছে, তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন হলে এই সরকার ক্ষমতায় আসতে পারবে না। তাই তারা ওই ব্যবস্থা বাতিলের চক্রান্ত করছে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাংবাদিক নেতা রুহুল আমিন গাজী, যুবদলের সভাপতি মোয়াজ্জেম হোসেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সলিমুল্লাহ খান, বিএনপি নেতা আবেদ রাজা, তাজুল ইসলাম, আবুল কালাম আজাদ প্রমুখ।