সংবিধান সংশোধনের দাবিকে 'মামা বাড়ির আবদার' বললেন বনমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সংবিধানের আলোকেই আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক এবং পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এক বক্তব্যের সূত্র ধরে হাছান মাহমুদ বলেন, আদালতের নির্দেশেই সংবিধান সংশোধন করা হয়েছে এবং সেই সংবিধানের অধীনেই আগামী নির্বাচন হবে, কিন্তু আদালত অবমাননা করে সংবিধান সংশোধনের দাবি সেটা মামা বাড়ির আবদার।
আজ বুধবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে বঙ্গবন্ধু একাডেমি আয়োজিত ‘আদালত উড়িয়ে দেওয়ার হুমকি, রাজাকারদের ষড়যন্ত্র ও বর্তমান সরকারের করণীয়’ শীর্ষক এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে হাছান মাহমুদ এসব কথা বলেন। সভায় আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম উপস্থিত ছিলেন।
বনমন্ত্রী বলেন বলেন, সংবিধানের বাইরে গিয়ে নির্বাচনের বিষয়ে কথা বলা বাংলাদেশের সংবিধান নিয়ে মাথা ঘামানোর শামিল। যার অধিকার কোনো বিদেশি সংস্থা বা ব্যক্তিরও নেই।
বিরোধী দলের লেভেল প্লেয়িং ফিল্ডের বক্তব্যের সূত্র ধরে মন্ত্রী বলেন, ‘আপনারা কোন লেভেল প্লেয়িং ফিল্ড চান? রাজাকার-আলবদর-যুদ্ধাপরাধীদের নির্বাচনের সুযোগ দিয়ে আবার ক্ষমতায় বসাতে চান? সে রকম লেভেল প্লেয়িং ফিল্ড আমরা তৈরি করতে পারব না। যুদ্ধাপরাধীদের বিচার চলছে, তাদের বিচার করার জন্যই গত নির্বাচনে তিন-চতুর্থাংশ সংখ্যাগরিষ্ঠতায় জনগণ আওয়ামী লীগকে ভোট দিয়েছে। আওয়ামী লীগ জনগণের সঙ্গে বেইমানি করতে জানে না।’
বর্তমান সরকারের আমলে দেশে ব্যাপক উন্নয়ন হয়েছে বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, ‘বিশ্বব্যাংক উন্নয়ন প্রতিবেদন ২০১৩’ এ সর্বোচ্চ প্রবৃদ্ধির হার অর্জন তালিকায় বাংলাদেশ পঞ্চম স্থানে রয়েছে। তিনি আরও বলেন, আওয়ামী লীগ সরকার গরিবের সরকার। আমাদের সরকারের সময় দেশের মাথাপিছু আয় ৬০০ ডলার থেকে ৯৫০ ডলারে উত্তীর্ণ হয়েছে। মূল্যস্ফীতি ১১% থেকে ৭%-এ কমিয়ে আনা হয়েছে। জিডিপি প্রবৃদ্ধির হার গড় ৬.৫%-এ উন্নীত হয়েছে। বিএনপির আমলে ২০০৬ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩.৮ বিলিয়ন ডলার ছিল কিন্তু বিশ্বমন্দা সত্ত্বেও আওয়ামী লীগ আমলে ২০১৩ সালে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ১৬ বিলিয়ন ডলারেরও বেশি। দারিদ্র্যের হার ৪১ শতাংশ থেকে ২৬ শতাংশে কমিয়ে আনা হয়েছে আওয়ামী লীগ আমলে। এ ছাড়া ২০১৫ সালে মধ্যে দারিদ্র্যের হার ২২.৫%-এ কমিয়ে আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।
বিশেষ অতিথির বক্তব্যে আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম বলেন, এ সরকারের মেয়াদকালেই যুদ্ধাপরাধীদের বিচারের দু-একটি রায় কার্যকর হবে। যুদ্ধাপরাধীদের বিচার শেষ করে জাতিকে কলঙ্কমুক্ত করার জন্য আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
বঙ্গবন্ধু একাডেমির সহসভাপতি নাজিম উদ্দিনের সভাপতিত্বে সভায় বক্তব্য দেন বঙ্গবন্ধু একাডেমির সচিব হুমায়ুন কবির মিজি, কৃষক লীগের সহসভাপতি এম এ করিম প্রমুখ।