সংবিধান সংশোধনের দায় বা কৃতিত্ব নেবে না বিএনপি: সাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী বলেছেন, সংবিধান সংশোধনের দায় বা কৃতিত্ব—কোনোটাই বিএনপি নেবে না। তাই তাঁরা এ-সংক্রান্ত বিশেষ কমিটিতে কোনো প্রতিনিধি দেবেন না। গতকাল সোমবার সকালে ধানমন্ডিতে নিজের বাড়িতে এক সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন কাদের চৌধুরী এ কথা বলেন।সাকা চৌধুরী আরও মন্তব্য করেন, জনগণের স্বার্থের পরিপন্থী কোনো কাজের দায়দায়িত্ব নিতে বিএনপি আগ্রহী নয়।প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সতর্ক করে দিয়ে বিএনপির এই নেতা বলেন, ‘সংবিধান সংশোধন ভালো বা খারাপ যা-ই হোক না কেন, তা কেবল আপনাকেই বহন করতে হবে। তাই উচিত হবে, ভেবেচিন্তে কাজ করা।’সাকা চৌধুরী বলেন, ‘চতুর্থ সংশোধনীর জন্য শেখ মুজিবুর রহমান ও পঞ্চম সংশোধনীর জন্য জিয়াউর রহমানকে দায় বহন করতে হয়েছে। যাঁরা ওই সময় বুদ্ধিদাতা ছিলেন, তাঁদের খুঁজে পাওয়া যায়নি।’ ‘ওয়ান-ইলেভেনের’ জন্য তাঁকে দায়ী করে আইনজীবী রফিক-উল হকের দেওয়া বক্তব্য সঠিক বলে উল্লেখ করেন সাকা চৌধুরী। তবে তিনি বলেন, ‘ওই সময় রফিক-উল হক আমাকে কী পরামর্শ দিতেন, তা বলেননি। বললে ভালো হতো।’বিএনপির এই নেতা আরও বলেন, ‘চারদলীয় জোট ক্ষমতায় থাকার সময় যত আইন পাস হয়েছে, কোনোটিই রফিক-উল হকের পরামর্শ ছাড়া হয়নি। কে বিচারপতি, জজ হবেন, সে ব্যাপারেও তিনি আমাকে পরামর্শ দিতেন।’