সংবিধান সংশোধনের প্রস্তাবে ভারতের মন্ত্রিসভার সম্মতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ-ভারত সীমান্ত প্রটোকল ভারতের পার্লামেন্টে অনুসমর্থনের জন্য প্রয়োজনীয় সংবিধান সংশোধনের প্রস্তাব অনুমোদন করেছে ভারতের নিরাপত্তাসংক্রান্ত মন্ত্রিসভা কমিটি (সিসিএস)। গত বৃহস্পতিবার সিসিএস এই অনুমোদন দেয়। গতকাল শনিবার ভারতের প্রভাবশালী পত্রিকা টাইমস অব ইন্ডিয়া এ খবর জানায়।পত্রিকাটির প্রতিবেদনে বলা হয়, ভারতের পার্লামেন্টের আসন্ন বর্ষাকালীন অধিবেশনে সংবিধান সংশোধনের প্রস্তাব পেশ করা হবে বলে আশা করা হচ্ছে।গত বছরের সেপ্টেম্বরে ঢাকায় ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিং ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার মধ্যে স্থলসীমান্ত প্রটোকল স্বাক্ষরিত হয়। এর আগে ১৯৭৪ সালে দুর্গম অঞ্চলের ভূমি ও ছিটমহল বিনিময়ের লক্ষ্যে দুই দেশের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়।টাইমস অব ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়, ১৯৭৪ সালের ইন্দিরা-মুজিব চুক্তির আধুনিক এই সংস্করণ অনুমোদনের জন্য ভারতের সংবিধানের ৩৬৮ ধারা সংশোধন প্রয়োজন। আর সংবিধান সংশোধনের জন্য পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ ভোট দরকার হবে। ভারতের প্রধান বিরোধী দল বিজেপির সমর্থন না পেলে সংবিধানের সংশোধনী পাস করা সম্ভব হবে না। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বিজেপির সমর্থন আদায়ের লক্ষ্যে মনমোহন সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগামী দিনগুলোতে এই প্রচেষ্টা আরও জোরদার করবে সরকার।প্রতিবেদনে আরও বলা হয়, বাংলাদেশ-ভারত সীমান্ত প্রটোকল পার্লামেন্টে পাস হলে তা দুই দেশের সম্পর্কের উন্নতির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। একই সঙ্গে ভারতের সঙ্গে তিস্তা চুক্তি না হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের ওপর যে চাপ আছে, তা-ও কিছুটা কমবে।তিস্তার পানি চুক্তির ব্যাপারে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আপত্তির কারণে পরিস্থিতি উত্তপ্ত হওয়ায় প্রতিবেশী দুই দেশের জন্য স্থলসীমান্ত চুক্তিটির কৌশলগত গুরুত্ব রয়েছে।টাইমস অব ইন্ডিয়া জানায়, স্থলসীমান্ত চুক্তিটি অনুমোদনের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাদ সাধতে পারেন। তাই মমতাকে বোঝানোর জন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে পররাষ্ট্রমন্ত্রী এস এম কৃষ্ণাকে দায়িত্ব দেওয়া হয়েছে। মমতার সঙ্গে আলোচনার জন্য তিনি হয়তো কলকাতায় যাবেন।