সংবিধান সমুন্নত রাখতে আইনজীবীদের ঐক্যবদ্ধ হতে হবে: ড. কামাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংবিধান বিশেষজ্ঞ ড. কামাল হোসেন আইনজীবীদের উদ্দেশ করে বলেছেন, আইনজীবীরা বিভিন্ন দল করতে পারেন। কিন্তু সংবিধানকে সমুন্নত রাখার বিষয়ে ঐক্যবদ্ধ থাকতে হবে। চট্টগ্রাম থেকেই সেই ঐক্য সৃষ্টি করতে হবে। কারণ ব্রিটিশ আমল থেকেই যে কোনো আন্দোলনে চট্টগ্রামের ঐতিহ্য রয়েছে। সেই ঐতিহ্যকে ধরে রাখতে হবে।
গতকাল বৃহস্পতিবার রাত ১০টার দিকে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নব নির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ড. কামাল এ আহ্বান জানান।
জনগণকে সব ক্ষমতার মালিক উল্লেখ করে ড. কামাল হোসেন বলেন, জনগণকে কখনো দুর্বল মনে করা ঠিক নয়। জনগণ ঐক্যবদ্ধ হলে কী শক্তি সঞ্চয় হয় তা একাত্তর সালের অসহযোগ আন্দোলনে দেখা গেছে। যারা ক্ষমতায় থাকেন না কেন সংবিধানকে অক্ষরে অক্ষরে মেনে চলতে হবে। জনগণ ক্ষমতার মালিক তা সংবিধান সংশোধনী দিয়ে বাদ দেওয়া যাবে না। দলীয় দৃষ্টিভঙ্গিতে নয়, সংবিধান কী উদ্দেশ্যে হয়েছিল তা জনগণকে বোঝাতে হবে। জনগণকে ক্ষমতাহীন করা সংবিধানের উদ্দেশ্যে নয়।
সংবিধানের কোনো সংশোধনী প্রয়োজন হলে তা মতামত নিয়ে করা উচিত বলে মন্তব্য করেন ড. কামাল হোসেন বলেন, আজকাল মতামত নেওয়া কঠিন না। খসড়া আইনে মতামত নিয়ে বুঝতে হবে। দলীয় দৃষ্টিভঙ্গি থেকে নয়। জনগণ তো জনগণ। তাদের মধ্যে থেকে মতামত নেওয়া অপরিহার্য। না করলে দেশের ক্ষতি হবে।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট বিচারক (তদন্ত) আইন, ২০১৬ নামের খসড়া আইন প্রসঙ্গে সংবিধান বিশেষজ্ঞ বলেন, জরুরি ভিত্তিতে মতামত নেওয়া হোক। অবসরপ্রাপ্ত বিচারক, বিশেষজ্ঞ, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের ডিন, শিক্ষকসহ সংশ্লিষ্টদের মতামত নেওয়া যেতে পারে। সাবেক সংসদ সদস্য ও নাগরিকরাও মতামত দিতে পারেন। বিচারক যদি রায় দিয়ে মনে করেন সরকারের বিরুদ্ধে রায় দিলে সরিয়ে দেওয়া হবে, তা ঠিক হবে না।
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি কফিল উদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন ভারপ্রাপ্ত চট্টগ্রাম জেলা ও দায়রা জজ সিরাজদ্দৌলা কুতুবী, চট্টগ্রাম মহানগর দায়রা জজ মো. শাহেনূর, চট্টগ্রাম মুখ্য মহানগর হাকিম মো. শাহজাহান কবির, বাংলাদেশ বার কাউন্সিলের সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকন ও ইব্রাহীম হোসেন চৌধুরী বাবুল প্রমুখ। এ ছাড়া অনুষ্ঠানে চট্টগ্রাম বারের আইনজীবী ও বিচারকেরা উপস্থিত ছিলেন।