সংবিধান সমুন্নত রাখতে ৫ জানুয়ারির নির্বাচন: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শ্রীলঙ্কার হাইকমিশনার ডব্লিউ এ শরত্ কে বিরাগোদা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্যসাক্ষাত্ করেন
শ্রীলঙ্কার হাইকমিশনার ডব্লিউ এ শরত্ কে বিরাগোদা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্যসাক্ষাত্ করেন

সংবিধান সমুন্নত এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দেশে গত ৫ জানুয়ারির নির্বাচন অনুষ্ঠিত হয়েছে বলে আবারও উল্লেখ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।আজ সকালে ঢাকায় নরওয়ের নতুন রাষ্ট্রদূত মেরেত লুডেমো প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাত্কালে শেখ হাসিনা এ কথা বলেন।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বৈঠকে প্রধানমন্ত্রী দেশে শান্তি বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন।

সক্ষমতা তৈরি, সরবরাহ বাধা অপসারণ এবং বাংলাদেশের রপ্তানি ভিত বহুমুখী করতে সহায়তার জন্য নরওয়ে সরকারের প্রতি আহ্বান জানান শেখ হাসিনা। তিনি বলেন, তথ্যপ্রযুক্তি পণ্য রপ্তানি এবং আউটসোর্সিং দেশ হিসেবে বাংলাদেশের পরিচিতি দ্রুত বাড়ছে। এ প্রসঙ্গে তিনি বাংলাদেশ থেকে প্রযুক্তিপণ্য আমদানি এবং আইটি ও আইটিইএসের সাশ্রয়ী মূল্যের সুবিধা গ্রহণে নরওয়ের প্রতি আহ্বান জানান।

শেখ হাসিনা বাংলাদেশের সম্ভাবনাময় জাহাজ নির্মাণ খাত, বিশেষ করে জাহাজ রিসাইক্লিং খাতে নরওয়ের কারিগরি সহায়তা ও বিনিয়োগ কামনা করেন।উপমহাদেশের মধ্যে বাংলাদেশ সবচেয়ে বেশি বিনিয়োগ প্রণোদনার সুবিধা দিয়েছে এবং এশিয়ার প্রথম সারির দেশগুলোর মধ্যে অন্যতম—এ কথা উল্লেখ করে শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেন, নরওয়ের ব্যবসায়ীরা এই সুবিধা গ্রহণ করবেন।

নরওয়ের রাষ্ট্রদূত বিগত মাসগুলোতে জামায়াত-শিবিরের সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, উন্নয়নের স্বার্থে এসব কর্মকাণ্ড অবশ্যই বন্ধ করতে হবে। তিনি শেখ হাসিনার নেতৃত্বে কৃষি, শিক্ষা, স্বাস্থ্য, নারীর ক্ষমতায়ন ও বিদ্যুত্ খাতসহ বিভিন্ন ক্ষেত্রে বাংলাদেশের ব্যাপক সাফল্যের ভূয়সী প্রশংসা করেন।


পরে শ্রীলঙ্কার হাইকমিশনার ডব্লিউ এ শরত্ কে বিরাগোদা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সৌজন্যসাক্ষাত্ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী ঐতিহাসিক বন্ধন ও সমসংস্কৃতির ভিত্তিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন। তিনি শ্রীলঙ্কায় সশস্ত্র সংঘর্ষের অবসানকে কেবল এই দ্বীপ দেশটির জন্য নয় বরং গোটা অঞ্চলের জন্য উন্নয়নের দ্বারোদঘাটন হিসেবে অভিহিত করে বলেন, বাংলাদেশ সন্ত্রাসবাদ ও বিচ্ছিন্নতার বিরুদ্ধে শ্রীলঙ্কার যুদ্ধকে সব সময় সমর্থন দিয়ে আসছে।

শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাহিন্দা রাজাপক্ষে গত নভেম্বরে কলম্বোয় অনুষ্ঠিত কমনওয়েলথ সরকারপ্রধানদের বৈঠকে শেখ হাসিনার অংশগ্রহণ ও সক্রিয় ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন বলে হাইকমিশনার প্রধানমন্ত্রীকে অবহিত করেন।