প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, সংবিধান সমুন্নত এবং গণতান্ত্রিক ধারা অব্যাহত রাখতে দেশে ৫ জানুয়ারি নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার সকালে নরওয়ের নবনিযুক্ত রাষ্ট্রদূত মেরেত লুদেমো প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎকালে শেখ হাসিনা এ কথা বলেন। খবর বাসসের।
বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব আবুল কালাম আজাদ সাংবাদিকদের জানান, বৈঠকে প্রধানমন্ত্রী বলেছন, শান্তি ছাড়া কোনো দেশের পক্ষে কাঙ্ক্ষিত উন্নয়ন সম্ভব নয়।
তিনি সক্ষমতা তৈরি, সরবরাহ বাধা অপসারণ এবং বাংলাদেশের রপ্তানি ভিত বহুমুখী করতে নরওয়ের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, আইটি পণ্য রপ্তানি ও আউটসোর্সিং দেশ হিসেবে বাংলাদেশের পরিচিতি দ্রুত বাড়ছে।
নরওয়ের রাষ্ট্রদূত বিগত মাসগুলোতে জামায়াত-শিবিরের সন্ত্রাসী ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, উন্নয়নের স্বার্থে এসব কর্মকাণ্ড অবশ্যই বন্ধ করতে হবে।
শ্রীলঙ্কার হাইকমিশনারের সাক্ষাৎ: পরে শ্রীলঙ্কার হাইকমিশনার ডব্ল্লিউ এ শরৎ কে বিরাগোদা প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর কার্যালয়ে সাক্ষাৎ করেন। বৈঠকে প্রধানমন্ত্রী ঐতিহাসিক বন্ধন ও সমসংস্কৃতির ভিত্তিতে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্কে সন্তোষ প্রকাশ করেন।
আর্মেনিয়ার প্রধানমন্ত্রীর অভিনন্দন: শেখ হাসিনা পুনরায় বাংলাদেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায় আর্মেনিয়ার প্রধানমন্ত্রী তিগরান সারগসিয়ান তাঁকে অভিনন্দন জানিয়েছেন। গতকাল পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।