সংবিধান সমুন্নত রাখার আহ্বান প্রধানমন্ত্রীর
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবিধান সমুন্নত রাখতে এবং সংবিধান অনুযায়ী দেশকে আরও সামনের দিকে এগিয়ে নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, স্বাধীনতার পর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ভবিষ্যতে দেশ পরিচালনার সুস্পষ্ট নির্দেশনার পাশাপাশি একদিকে যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশের পুনর্গঠন করেছেন, অন্যদিকে জাতিকে একটি সংবিধান উপহার দিয়েছেন।প্রধানমন্ত্রী ৪২তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে গতকাল মঙ্গলবার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ঢাকা জেলা প্রশাসনের উদ্যোগে জাতীয় শিশু-কিশোর সমাবেশে এ কথা বলেন। খবর বাসসের।শেখ হাসিনা ভবিষ্যতে দেশকে নেতৃত্ব দিতে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ হয়ে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে শিশু-কিশোরদের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, ‘তোমরাই হবে বঙ্গবন্ধুর সোনার বাংলার “সোনার সন্তান” এবং তোমরাই দেশের ভবিষ্যৎ নেতা। সুতরাং তোমাদের সুনাগরিক হিসেবে নিজেদের গড়ে তুলতে হবে।’অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী এ বি তাজুল ইসলাম, মন্ত্রণালয়ের সচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, ঢাকা বিভাগীয় কমিশনার এ এইচ শামসুদ্দিন আজাদ চৌধুরী ও ঢাকার জেলা প্রশাসক ইউসুফ হারুন উপস্থিত ছিলেন।প্রধানমন্ত্রী বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও সংস্থা থেকে আসা শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন এবং অভিবাদন গ্রহণ করেন। তিনি শিক্ষার্থীদের দর্শনীয় মার্চপাস্ট ও বর্ণাঢ্য শারীরিক কসরত উপভোগ করেন।বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের বিভিন্ন গ্যালারি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বীরশ্রেষ্ঠদের প্রতিকৃতি এবং বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যের ছবি দিয়ে সজ্জিত ছিল।এর আগে প্রধানমন্ত্রী জাতীয় পতাকা উত্তোলন এবং পায়রা ও বেলুন উড়িয়ে সমাবেশের উদ্বোধন করেন।প্রধানমন্ত্রী বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বছর ২০২১ সালের মধ্যে ক্ষুধা, দারিদ্র্য ও নিরক্ষরমুক্ত ডিজিটাল বাংলাদেশ গড়তে তাঁর সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে।বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা নিবেদন: প্রধানমন্ত্রী গতকাল সকালে ধানমন্ডিতে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তাঁর গভীর শ্রদ্ধা জানান।পুষ্পস্তবক অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।এ সময় সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্যরা এবং আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা আমির হোসেন আমু, সুরঞ্জিত সেনগুপ্ত, বেগম মতিয়া চৌধুরী, আবদুল লতিফ সিদ্দিকী, সৈয়দ আশরাফুল ইসলাম, মহীউদ্দীন খান আলমগীর, সাহারা খাতুন, মাহবুব উল আলম হানিফ প্রমুখ উপস্থিত ছিলেন।যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টি ও ফুল: প্রধানমন্ত্রী শুভেচ্ছা হিসেবে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের জন্য মিষ্টি, ফুল ও ফুলের তোড়া পাঠিয়েছেন। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত কর্মকর্তারা রাজধানীর মোহাম্মদপুরে যুদ্ধাহত মুক্তিযোদ্ধা পুনর্বাসন কেন্দ্রে যুদ্ধাহত মুক্তিযোদ্ধাদের কাছে মিষ্টি, ফুল ও ফুলের তোড়া পৌঁছে দেন।যুদ্ধাহত মুক্তিযোদ্ধারা তাঁদের মিষ্টি, ফুল ও ফুলের তোড়া পাঠানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।