‘নির্বাচন করা যেমন জরুরি কাজ, তেমনি সংবিধানকে সামলে রাখাও জরুরি। সাংবিধানিক প্রক্রিয়া যদি ধ্বংস হয়ে যায়, বাংলাদেশ চক্রান্তের কবলে পড়বে। সে জন্য আমরা সংবিধানকে রক্ষা করতে নির্বাচনে অংশগ্রহণ করছি।’
ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলায় ১৯তম বিজয় মেলার উদ্বোধনের সময় তথ্য ও সংস্কৃতিমন্ত্রী হাসানুল হক ইনু এসব কথা বলেন। উপজেলার শ্রমকল্যাণ কেন্দ্রে গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে পাঁচটার দিকে এ মেলার উদ্বোধন করা হয়। মেলার আয়োজন করে সমন্বিত সাংস্কৃতিক বিকাশ কেন্দ্র।
উদ্বোধন অনুষ্ঠানে সমন্বিত বিকাশ কেন্দ্রের সভাপতি আলম কবির সভাপতিত্ব করেন। এ সময় অন্যান্যের মধ্যে নারী সাংসদ জুবেদা খাতুন, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি মঈন উদ্দিন, জাসদ মনোনীত প্রার্থী এ ডি এম ফিরোজ, স্থানীয় আওয়ামী লীগের নেতা আমিনুল হক ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।
হাসানুল হক ইনু জানান, পাঁচ কোটি মানুষ তাঁদের ভোটাধিকার থেকে বঞ্চিত হননি। বরং এটাই সাংবিধানিক প্রক্রিয়া। জামায়াত-শিবির চক্রের জঙ্গিবাদীরা আবার প্রমাণ করল, একাত্তরের যুদ্ধে দালালি করার পরও তারা বদলায়নি। যুদ্ধাপরাধীদের পক্ষে পাকিস্তান ভূমিকা গ্রহণের মধ্য দিয়ে তারা এটাই প্রমাণ করল, একাত্তরের দুষ্কর্মের জন্য তারা অনুতপ্ত নয়।
বিএনপি নির্বাচন বানচালের জন্য উদ্দেশ্যমূলকভাবে তৎ পরতা চালাচ্ছে অভিযোগ করে হাসানুল হক ইনু আরও বলেন, বিএনপি সংলাপ থেকে সরে দাঁড়িয়েছে। এখন তারা সাংবিধানিক প্রক্রিয়াকে ধ্বংস করার ষড়যন্ত্রে নেমেছে।
১৯তম ওই বিজয় মেলা গতকাল থেকে শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে।