সংবিধান অনুসারেই আগামী জাতীয় সংসদ নির্বাচন হবে বলে আন্তর্জাতিক সম্প্রদায়কে জানিয়েছে বাংলাদেশ। গতকাল সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় কর্মরত বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে এক বৈঠকে এসব কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, ভারত, জার্মানি, রাশিয়া, সৌদি আরব, ইন্দোনেশিয়াসহ বিভিন্ন দূতাবাস ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার রাষ্ট্রদূত, উপরাষ্ট্রদূতসহ ৬০ জনের বেশি কর্মকর্তা ওই বৈঠকে উপস্থিত ছিলেন। বৈঠকে বাংলাদেশের আগামী নির্বাচন, অধিকারের সম্পাদক আদিলুরের গ্রেপ্তার, বাংলাদেশের পোশাকশিল্পসহ বিভিন্ন বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা করেন দীপু মনি। এ সময় তিনি তাঁদের বিভিন্ন প্রশ্নেরও জবাব দেন। বৈঠক শেষে বেরিয়ে দীপু মনি সাংবাদিকদের বলেন, ‘আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা নিয়মিত সব জানাই। তারা যেসব বিষয়ে জানতে চায়, সেসব নিয়েও কথা হয়। বৈঠকে আগামী নির্বাচনের বিষয়ে তাদের জানানো হয়েছে। প্রধানমন্ত্রী নির্বাচন নিয়ে যা বলেছেন, তা-ই তাদের বলা হয়েছে। আমরা তাদের জানিয়েছি, সবকিছুই হবে সংবিধানের আলোকে।’
বিরোধী দলের সঙ্গে আলোচনার কোনো সুযোগ আছে কি না, জানতে চাইলে পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি বলেন, ‘প্রধানমন্ত্রী তো বলেননি বিরোধী দলের সঙ্গে আলোচনার কোনো সুযোগ নেই। বরং শেখ হাসিনাই উদারভাবে আলোচনার প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু তখন তারা আলোচনা না করে সময়সীমা বেঁধে দিয়েছে। ১৫ আগস্ট জাতির শোকের দিনে তারা জন্মদিনের উৎসব করে, তাও সেটা মিথ্যা জন্মদিন। বৈরী পরিবেশ তারাই তৈরি করছে। এগুলো আমাদের ব্যথিত করে।’
অধিকারের সম্পাদক আদিলুর রহমান খানের গ্রেপ্তারের বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘কেউ-ই আইনের ঊর্ধ্বে নয়। আইন ভঙ্গকারী যে-ই হোক না কেন, তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। জননিরাপত্তা ভঙ্গ করায় সরকার তার দায়িত্ব থেকেই একজন আইন ভঙ্গকারীকে গ্রেপ্তার করেছে। আন্তর্জাতিক সম্প্রদায়কে আমরা এ কথাগুলোই জানিয়েছি।